Last Updated:
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েলের অন্যতম বড় বন্ধু এবং ভারতের সমর্থন ‘অবিশ্বাস্য’। দুই দেশ ২০২৬ সালে সম্পর্ককে ‘স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এ উন্নীত করেছে।
ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিশেষ বার্তা দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার এক বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইজরায়েলের ‘অন্যতম বড় বন্ধু’ বলে উল্লেখ করেন এবং বলেন, ভারতের কাছ থেকে ইজরায়েল যে সমর্থন পায়, তা ‘অবিশ্বাস্য’।
বিদেশনীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে নেতানিয়াহু বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইজরায়েলের আরও নতুন মিত্র তৈরি করা প্রয়োজন। সেই কারণেই ভারতসহ একাধিক গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার দিকে জোর দিচ্ছে তার সরকার।
নেতানিয়াহু বলেন, “আমাদের আরও নতুন জোট গড়ে তুলতে হবে। সেই কারণেই আমি ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমার বন্ধু নরেন্দ্র মোদি আমাদের অন্যতম বড় বন্ধু।” তিনি আরও দাবি করেন, “অনেকে বলেন, ইজরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। কিন্তু ভারত থেকে ইজরায়েল এবং ব্যক্তিগতভাবে আমি যে সমর্থন পাই, তা সত্যিই অবিশ্বাস্য।”
ভারত ও ইজরায়েলের সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি, বাণিজ্য, সাইবার নিরাপত্তা এবং উদ্ভাবনের মতো একাধিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে।
২০১৮ সালে নেতানিয়াহুর ভারত সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। সেই সফরে মোট নয়টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং ভারত-ইজরায়েল সম্পর্ককে ‘বিশেষ অংশীদারিত্ব’ হিসেবে তুলে ধরা হয়েছিল।
২০২৬ সালেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছেছে। এ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েল সফরে গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘ইন্ডিয়া-ইজরায়েল স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফর পিস, ইনোভেশন অ্যান্ড প্রসপেরিটি’-তে উন্নীত করার ঘোষণা দেন। এই অংশীদারিত্বের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), গুরুত্বপূর্ণ খনিজ, প্রতিরক্ষা, বাণিজ্য, শ্রমশক্তির আদান-প্রদান, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেতানিয়াহু এর আগেও ভারতকে একটি ‘প্রধান বৈশ্বিক শক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি বারবার বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারত ইজরায়েলের গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিভিন্ন বিষয়ে ভারতের সমর্থন ইজরায়েলের কাছে অত্যন্ত মূল্যবান। দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতা ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে বলেই কূটনৈতিক মহলের একাংশের ধারণা।
Kolkata,West Bengal
