Last Updated:
RRB Exam Special Train and Bus: পরীক্ষার চাপ তো আছেই, তাই যাতায়াতের ঝক্কি কমাতে একজোড়া মাস্টারস্ট্রোক দিল দক্ষিণ-পূর্ব রেল! ট্রেনের ধাক্কায় রূপসায় নামলেই রেডি থাকবে বাসের চাকা, গন্তব্যে পৌঁছনো এখন জলভাত।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: রেলে চাকরির পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের যাতে যাতায়াতে কোনও রকম হয়রানির শিকার হতে না হয়, তার জন্য বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) লেভেল-১ (সিইএন নম্বর ০৯/২০২৫) পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি বাসেরও বন্দোবস্ত করেছে রেল কর্তৃপক্ষ। এই জোড়া পরিষেবার ফলে পরীক্ষার্থীরা অনেক সহজে এবং নিশ্চিন্তে তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন বলে মনে করা হচ্ছে।
রেল সূত্রের খবর, যে সব পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র বালেশ্বরে পড়েছে, তাঁদের সুবিধার্থে হাওড়া থেকে রুপসা পর্যন্ত বিশেষ মেমু ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট দিনগুলিতে এই স্পেশ্যাল ট্রেন চলবে। তবে রেলের উদ্যোগ কেবল ট্রেন যাত্রাতেই সীমাবদ্ধ থাকছে না। রুপসা স্টেশনে ট্রেন থেকে নামার পর পরীক্ষার্থীদের যাতে বালেশ্বরের নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে ভাড়ার গাড়ি বা বাসের জন্য হন্যে হয়ে ঘুরতে না হয়, সেই কারণে স্টেশন চত্বর থেকেই বিশেষ বাস পরিষেবার আয়োজন করা হয়েছে। ট্রেনের সঙ্গে বাসের এই মেলবন্ধন পরীক্ষার্থীদের যাতায়াতের ঝক্কি অনেকটাই কমিয়ে দেবে এবং নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে।
ভিন রাজ্যে গিয়ে অচেনা জায়গায় পরীক্ষার্থীদের যাতে বিন্দুমাত্র বিভ্রান্ত হতে না হয়, তার জন্য স্টেশনগুলিতে বিশেষ হেল্প ডেস্ক খোলা হয়েছে। রুপসা এবং বালেশ্বর স্টেশনে রেলের কর্মীরা উপস্থিত থাকছেন। ট্রেন থেকে নামার পর পরীক্ষার্থীরা কোথা থেকে বাসে উঠবেন এবং কীভাবে সহজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছবেন, সেই বিষয়ে তাঁরা সর্বতোভাবে সাহায্য করবেন। রেলের এই সহায়তামূলক পদক্ষেপের ফলে পরীক্ষার্থীরা বাস ধরার ক্ষেত্রে সঠিক পথনির্দেশ পাবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে পারবেন।
পরীক্ষার্থীদের যাতায়াতকে সম্পূর্ণ বাধামুক্ত এবং আরামদায়ক করে তোলাই খড়গপুর ডিভিশনের এই আয়োজনের মূল লক্ষ্য। পরীক্ষার দিন এমনিতেই পরীক্ষার্থীদের মনে এক প্রকার মানসিক চাপ থাকে, সেখানে যাতায়াতের দুশ্চিন্তা দূর হলে তাঁরা অনেক বেশি শান্ত মাথায় পরীক্ষা দিতে পারবেন। রেল কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত পরীক্ষার্থীকে এই বিশেষ ট্রেন ও বাস পরিষেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আসন্ন পরীক্ষায় সাফল্যের জন্য সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছে খড়গপুর ডিভিশন।
Paschim Medinipur,West Bengal
Aug 04, 2026 10:20 AM IST
