Last Updated:
প্রশান্ত কিশোর আরও বলেন, ‘এই নির্বাচন একটা গণভোট ছিল৷ মানুষ সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন৷’
বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপি-কে হারিয়ে তাঁর জয়ই এখন দেশের রাজনৈতিক মহলে অন্যতম চর্চিত বিষয়৷ প্রশান্ত কিশোরের জয় বিহারের রাজনৈতিক পরিসরেও বড়সড় বদল আনতে চলেছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ তাঁদের দাবি, এনডিএ এবং আরজেডির নেতৃত্বাধীন জোটের বাইরে বিহারে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে জন সূরজ পার্টির উত্থানের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিল বাঁকিপুরের উপনির্বাচনে প্রশান্ত কিশোরের জয়৷
এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরই অদূর ভবিষ্যতে বিহারের রাজনীতিতে বিরোধী মুখ হিসেবে উঠে আসেন কি না, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে৷ প্রশান্ত কিশোর অবশ্য জানিয়ে দিলেন, তিনি বিহারের বিরোধী মুখ হতেও চান না৷
News 18- কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, ‘আমি বিরোধী শিবিরের মুখ হব না৷ বরং আমি বিহারের সেই জনতার মুখ হয়ে উঠব যাঁরা মানুষের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান৷ আমরা সেই মানুষের প্রতিনিধিত্ব করব৷’
বাঁকিপুরকে বিজেপি-র গড় বলা হত৷ সেখানেই কীভাবে অপ্রত্যাশিত জয় ছিনিয়ে আনলেন তিনি? জবাব প্রশান্ত কিশোর বলেন, ‘কোনও কেন্দ্রই কোনও রাজনৈতিক দলের শক্ত ঘাঁটি হয় না৷ আসল চাবিকাঠি থাকে মানুষের হাতে৷ সম্রাট চৌধুরীর বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, সেই কারণেই তাঁরা বিজেপি-কে পরাজিত করেছেন৷ বিজেপি শুধু নরেন্দ্র মোদির নামে ভোট চেয়েই নির্বাচনে জিততে চায়৷’
উপনির্বাচনে জয়ের প্রশান্ত কিশোর বলেন, ‘আমি বাঁকিপুরের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি এখানে কোনও দুর্নীতি থাকবে না, ঘুষ নেওয়া বন্ধ হবে৷ যে ছেলেমেয়েরা অর্থের অভাবে ভাল স্কুলে পড়তে পারে না তাদের পড়াশোনার ব্যবস্থা হবে৷ বাঁকিপুর বিধানসভার সার্বিক উন্নতির লক্ষ্যে ব্লু প্রিন্ট তৈরি করা হবে৷’
প্রশান্ত কিশোরের কথায়, ‘সম্রাট চৌধুরী এবং তেজস্বী যাদবের মধ্যে একজন ক্লাস সেভেনের পর স্কুলে যাননি, আর একজনের পড়াশোনা ক্লাস ৯ পর্যন্ত৷ তাহলে মানুষ কেন তাঁদের বেছে নেবেন?’
জন সূরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর জানিয়েছেন, আপাতত জয়ের পর তিনি এবং তাঁর দলের নেতৃত্ব দু দিন বিশ্রাম নেবেন৷ তার পরেই পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববেন তাঁরা৷ প্রশান্ত কিশোর বলেন, ‘বিহারকে এগিয়ে নিয়ে যেতে যা করণীয় আমরা করব৷ ২০২৯ সালের বিধানসভা এবং ২০৩০-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হবে৷’
Kolkata,West Bengal
