নয়াদিল্লি: মহাকাশ বাহিনীর পর এবার AI বাহিনী গড়ে তোলার পথে আমেরিকা। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে বাড়ছে উদ্বেগ। মানবজাতির ভবিষ্যৎই প্রশ্নের মুখে বলে দাবি উঠে আসছে। সেই আবহেই ‘AI Force’ গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, AI Force-এর নেতৃত্বে একজন ‘AI Czar’ নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করবে ওই AI Czar. (US AI Force)
যে AI-কে ঘিরে এতদিন অত্য়াধুনিক পৃথিবীর স্বপ্ন দেখছিলেন রথী-মহারথীরা, বর্তমানে তাঁরাই বিপদের সঙ্কেত দিচ্ছেন। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, নির্দেশ মানছে না AI মডেল। গোপনে পরস্পরের সঙ্গে আঁতাতও গড়ে তুলছে তারা। আর তাতেই অশনি সঙ্কেত দেখছেন বিশেষজ্ঞরা। AI-এর গতিরোধ করার দাবি জানাচ্ছেন অনেকেই। ট্রাম্প যদিও তাতে কর্ণপাত করতে নারাজ। বরং AI শিল্পের বিকাশের পক্ষপাতী তিনি। (Donald Trump AI Force)
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে AI বাহিনী গড়ে তোলার ঘোষণা করেছেন ট্রাম্প। সেই সঙ্গে AI-এর বিরোধিতা করছেন যাঁরা, তাঁদের একহাত নিয়েছেন তিনি। ট্রাম্প লেখেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমি এটা হতে দিতে পারি না। ডেটা সেন্টারকে হামলা দিয়ে শুরু হয়েছিল, যতক্ষণ না মানুষ বুঝতে পারলেন তা কত বড় সম্পদ এবং কত সম্মানজনক। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনের মতো ডেটা সেন্টারের তত্ত্বও মুখ থুবড়ে পড়েছে। এখন AI-কে নিয়ে পড়েছে ওরা’।
ট্রাম্প আরও লেখেন, ‘কোনও ভাবেই এই অসাধারণ শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করব না আমরা, তাকে আটকাব না। বরং একে লালন করব, সবরকম সহযোগিতা জোগাব এবং সজাগ দৃষ্টি রাখব। অবশ্যই নেতিবাচক দিকগুলির উপরও নজর থাকবে। সেই জন্য বিচারব্যবস্থা রয়েছে। আর তাই AI Force গড়ে তুলছি আমি, যেভাবে Space Force-এ সাফল্য মিলেছে। অদূর ভবিষ্যতে হাই IQ সম্পন্ন একজন AI Czar নিয়োগ করব। AI-ই পরবর্তী শিল্পবিপ্লব। দেশের জিডিপি-র ২৫ শতাংশ হয়ে উঠে পারে। চিন এবং গোটা বিশ্বকে আমরাই পথ দেখাচ্ছি, যা একই রকম রাখতে বদ্ধপরিকর আমরা’।
AI বিপর্যয় ডেকে আনবে বলে যে দাবি উঠছে, তাকে ‘ভুয়ো’ আখ্য়া দিয়েছেন ট্রাম্প। এর পিছনে ডেমোক্র্য়াটস এবং চক্রান্তকারীদের হাত দেখছেন তিনি। Artificial Intelligence শব্দবন্ধটিতেও আপত্তি রয়েছে ট্রাম্পের। তাঁর মতে, Artificial Intelligence শব্দটি মোচেও শ্রুতিমধুর নয়। কথাটি একরকম ভাবে ভুলও। Artificial Intelligence-এর পরিবর্তে Superior Intelligence বা Extreme Intelligence ব্যবহাররে পক্ষপাতী তিনি।
তবে ট্রাম্প মানতে না চাইলেও, AI নিয়ে আশঙ্কা বাড়ছে ক্রমশ। কারণ শুধুমাত্র Anthropic বা OpenAI নয়, Google-এর AI মডেল Gemini পর্যন্ত অবাধ্য হয়ে পড়ছে বলে জানা গিয়েছে। পাসওয়র্ড আন্দাজ করে সম্প্রতি তিনটি সংস্থা সেটি হ্যাক করে নেয় বলে খবর। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে Google-ও।