Last Updated:
STF Raid Tulu Mondal Relative House: টুলু মণ্ডলের ডেরা থেকে ২০০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার এসটিএফের নজরে তাঁর শ্যালক মিন্টু শেখ। একসময় ধানের ব্যাপারি ও গাড়ি চালক থেকে অঢেল পাথরের সাম্রাজ্য গড়ে তোলা মিন্টুর পাঁড়ুইয়ের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পাঁড়ুই, বীরভূম: বীরভূমে অবৈধ পাথর ব্যবসা ও বেআইনি কারবারের বিরুদ্ধে ফের বড়সড় তৎপরতা শুরু করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সম্প্রতি বীরভূমের বিতর্কিত ‘পাথর সম্রাট’ হিসেবে পরিচিত মহম্মদ নিজাম উদ্দিন ওরফে টুলু মণ্ডলের ডেরায় দফায় দফায় তল্লাশি চালিয়ে জেলা পুলিশ, শুধু তল্লাশি চালানো নয়, পাশাপাশি ২০০ কোটির বেশি গুপ্তধন উদ্ধার হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তাঁর শ্যালক মহম্মদ শামসুল আলম ওরফে মিন্টু শেখের বাড়িতে অভিযান চালাল এসটিএফ।
বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ এসটিএফের একটি বিশেষ তদন্তকারী দল পাঁড়ুই থানা এলাকার ওই বাড়িতে পৌঁছয় এবং তল্লাশি অভিযান শুরু করে। তবে সূত্রের খবর, অভিযান চলাকালীন মিন্টু শেখ বাড়িতে নেই। তদন্তকারী আধিকারিকরা বাড়ির বিভিন্ন নথি ও সামগ্রী খতিয়ে দেখছেন বলে জানা যাচ্ছে। যদিও এই হানাদারি নিয়ে তদন্তকারী সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও কারণ দর্শানো হয়নি।
পরবর্তীকালে টুলু মণ্ডলের হাত ধরে পাথরের কারবার ও ক্র্যাশার ব্যবসায় নামার পর থেকেই তাঁদের ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে শুরু করে। অতি অল্প সময়ের মধ্যেই বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তাঁরা। বর্তমানে তাঁদের ৩০ থেকে ৪০টি ডাম্পার এবং সুবিশাল পাথরের স্টক রয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয়দের দাবি, এই ডাম্পারগুলির অধিকাংশের গায়েই বড় অক্ষরে ‘MSP’ লেখা থাকে, যার পূর্ণরূপ ‘মণ্ডল স্টোন প্রোডাকশন’ (Mandal Stone Production)। অভিযোগ, গাড়িতে এই নাম লেখা থাকলে পরিবহণ ও পাথর সরবরাহের ক্ষেত্রে বিশেষ প্রভাব ও বাড়তি সুবিধা পাওয়া যেত। আজ সকালে এসটিএফের এই আচমকা অভিযানে সমগ্র পাঁড়ুই ও সংলগ্ন এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। মিন্টু শেখের অনুপস্থিতিতে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। যদিও টুলু মণ্ডলের আত্মীয় নজরুল ইসলাম দাবি করেছেন, কিছু মেলেনি তল্লাশিতে।
Birbhum,West Bengal
Aug 05, 2026 11:30 AM IST
