Last Updated:
ইয়েমেনের সরকার পন্থী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, সেদেশের পশ্চিম উপকূলের অদূরে এই হামলার ঘটনা ঘটে৷ তবে এই হামলায় হতাহতের কোনও খবর মেলেনি৷
লোহিত সাগরে প্রথমবার হামলার শিকার হল কোনও ভারতীয় জাহাজ৷ যার জেরে ডুবে গিয়েছে ভারতীয় পণ্যবাহী ওই জাহাজটি৷ এই ঘটনায় বরাতজোরে রক্ষা পেয়েছেন জাহাজে থাকা ১৩ জন ভারতীয় মোট ১৪ জন কর্মী৷ মঙ্গলবার এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক৷
জানা গিয়েছে, ইয়েমেন উপকূলের অদূরে লোহিত সাগরের উপরে একটি বিস্ফোরক বোঝাই নৌকা এসে ভারতীয় ওই জাহাজটিতে এসে ধাক্কা মারে৷ যার জেরে প্রবল বিস্ফোরণের পর আগুন ধরে ডুবে যায় জাহাজটি৷ জাহাজে থাকা ১৩ জন ভারতীয় এবং ইয়েমেনের একজন নাগরিককে উদ্ধার করে ইয়েমেনের নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী৷
উপসাগরীয় এলাকায় ভারতীয় কোনও জাহাজে এইভাবে সরাসরি হামলার ঘটনা এই প্রথম৷ সৌদি থেকে তেল নিয়ে আসছিল ভারতীয় এই জাহাজটি৷ ইয়েমেনের বাব আল মানডাবের হোদেইদাহ থেকে ১৩ নটিক্যাল মাইল দূরে এই হামলার ঘটনা ঘটে৷ বিস্ফোরক বোঝাই যে নৌকা করে আত্মঘাতী এই হামলা চালানো হয়, সেটিও ইয়েমেনেরই বলে জানা গিয়েছে৷
কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযোগ করেছেন, বিনা প্ররোচনায় ভারতীয় জাহাজটিকে নিশানা করা হয়েছে৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ভারতের এমএসভি ফেইজ নুরে ওলিয়ার উপরে ইয়েমেন উপকূলের কাছে হামলা হয়েছে৷ যার জেরে জাহাজটি ডুবে গিয়েছে৷ প্রতিরোধ ক্ষমতা বিহীন একটি জলযানের উপরে বিনা প্ররোচনায় এই হামলার তীব্র নিন্দা করছে ভারত৷
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের নিরাপত্তাই কেন্দ্রীয় সরকারের সর্বাধিক অগ্রাধিকারের বিষয়৷ ১৩ জন ভারতীয় সহ ১৪ জনকেই উদ্ধার করে মোখা বন্দরে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন সোনওয়াল৷
ভারতীয় জাহাজের উপরে এই হামলার ঘটনার পর বিদেশমন্ত্রকের পক্ষ থেকেও বিবৃতি জারি করা হয়েছে৷ বিবৃতিতে লেখা হয়েছে, ভারতীয় পতাকা বহনকারী বাণিজ্যিক জলযানের উপরে এই হামলার আমরা তীব্র নিন্দা করছি, এমএসভি ফেইজ নুরে ওলিয়া নামে ওই জাহাজটি ৪ অগাস্ট ২০২৬ তারিখে ইয়েমেন উপকূলের অদূরে লোহিত সাগরে ডুবে গিয়েছে৷ জাহাজে থাকা ১৩ জন ভারতীয়কেই নিরাপদে উদ্ধার করা হয়েছে৷
বিদেশমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, রিয়াধের ভারতীয় দূতাবাসকে গোটা পরিস্থিতির উপরে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং উদ্ধার হওয়া ভারতীয়দের সবরকম সাহায্য করতে বলা হয়েছে৷ একই সঙ্গে উদ্ধার অভিযানে সহায়তার জন্য ইয়েমেনের কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক৷
ওই অঞ্চল দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলির উপরে যেভাবে হামলার ঘটনা বাড়ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি৷ এই ধরনের হামলা যাতে অবিলম্বে বন্ধ হয় এবং বাণিজ্যিক জাহাজগুলি বিনা বাধায় পণ্য পরিবহণ করতে পারে, সেই দাবিও জানিয়েছে ভারত৷ এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই ভারতীয় জাহাজের উপরে এই হামলার ঘটনার দায় স্বীকার করেনি৷
Kolkata,West Bengal
