Last Updated:
Sheikh Hasina: তিনি বাংলাদেশেই ফিরতে চান৷ দু’বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে এসে জানিয়ে দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
প্রায় দু’বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভারত থেকে ভার্চুয়ালি একটি আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফের জানিয়ে দিলেন তিনি বাংলাদেশে ফিরছেন৷
বুধবার নয়াদিল্লি থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে নিজের দেশত্যাগের পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ ও তাঁর সমর্থকরা যখন কঠিন সময়ের মধ্যে রয়েছেন, তখন তিনি তাঁদের থেকে দূরে থাকতে পারেন না।
তিনি বলেন, “যে পরিণতিই আমার জন্য অপেক্ষা করে থাকুক না কেন, আমি আমার মানুষের কাছেই ফিরব। আমার প্রিয় দেশবাসী যখন কষ্টে রয়েছে, তখন আমি দূরে থাকতে পারি না। আমি ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরতে চাই।”
বাংলাদেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হতে পারে, কারাবন্দি করা হতে পারে কিংবা প্রাণনাশের চেষ্টা হতে পারে, এমন আশঙ্কার কথাও স্বীকার করেন শেখ হাসিনা।
তাঁর কথায়, “ওরা আমাকে হত্যা করতে পারে, জেলে পাঠাতে পারে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টাও হতে পারে। কিন্তু মানুষের প্রতি আমার দায়িত্ব পালন থেকে ভয় আমাকে বিরত রাখতে পারবে না। ব্যক্তিগত নিরাপত্তার হিসাব আমি বহু আগেই ছেড়ে দিয়েছি।”
সাংবাদিক বৈঠকে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা কঠিন সময়ের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, “১৯৭১ সালে আমি আমার মায়ের সঙ্গে বন্দি ছিলাম। সেই সময়ই আমার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়। ১৯৭৫ সালে আমি আমার পরিবারের সদস্যদের হারাই। এরপর ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়েছি।” তিনি জানান, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করাই তাঁর দেশে ফেরার একমাত্র উদ্দেশ্য।
Kolkata,West Bengal
