নয়াদিল্লি: নিট কাণ্ডে, সিবিআইয়ের চার্জশিটে চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে। আর ঠিক এহেন পরিস্থিতিতেই এবার প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল ঝাড়খণ্ড। আজই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছে ঝাড়খণ্ড সরকার। রাঁচিতে দফায় দফায় বিক্ষোভ, মিছিল বের হয়েছে। ইতিমধ্যেই বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি তুলেছে বিজেপি। ঝাড়খণ্ড বিধানসভায় এই নিয়ে তুমুল বিক্ষোভ দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি।
আরও পড়ুন, “সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ”, কুণাল-কটাক্ষের পর “সবজান্তা” বলে পাল্টা ঋতব্রত
একাধিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়খণ্ড বিধানসভা। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে সেখানকার বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডির নেতৃত্বে বিধানসভার পোর্টিকোয় বিক্ষোভ দেখান বিজেপি-সহ অন্যান্য বিরোধী দলের বিধায়করা। রাজ্যের একাধিক নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে দেওয়া হয় স্লোগান। ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডির বলেন, এটা শুধু ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীদের নয়, গোটা রাজ্যের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর অভিযোগ, ঝাড়খণ্ড সরকার আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসার বদলে তা এড়িয়ে যাচ্ছে। পরীক্ষায় অনিয়মের অভিযোগের CBI তদন্তও দাবি করেন তিনি।
NEET UG-র প্রশ্ন ফাঁস হয়েছিল NTA-র ভিতর থেকেই। দায়ী ন্যাশনাল টেস্টিং এজেন্সির কয়েকজন বিশেষজ্ঞ। চার্জশিটে বিস্ফোরক দাবি করল CBI.NTA-র ৩ বিশেষজ্ঞর নাম উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, প্রশ্ন ফাঁসে জড়িত উদ্ভিদবিদ্যা-প্রাণিবিদ্যা বিশেষজ্ঞ মনীষা গুরুনাথ মন্ধারে, রসায়ন বিশেষজ্ঞ প্রহ্লাদ ভিত্তলরাও কুলকার্নি এবং পদার্থবিদ্যা বিশেষজ্ঞ মনীষা সঞ্জয় হাবলদার। CBI-এর চার্জশিট অনুযায়ী, গোপন অনুবাদ, প্রুফরিডিংয়ের কাজে নিজেদের অনুমোদিত সুযোগের অপব্যবহার করে ওই বিশেষজ্ঞরা প্রশ্নপত্র পাচার করেন। গত মে মাসে, মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা NEET-এর প্রশ্ন-ফাঁসের অভিযোগ সামনে আসে।যার জেরে পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।অনিশ্চয়তার মধ্যে পড়েন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী।
নতুন করে পরীক্ষা নেওয়া হয়। দেওয়া হয় CBI তদন্তের নির্দেশ।সূত্রের খবর, CBI তদন্তে উঠে এসেছে, গত এপ্রিলে PB কুলকার্নি, মনীষা মন্ধার নিজেদের বাড়িতে ‘স্পেশাল রিভিশন সেশন’ আয়োজন করেন। সেখানে কয়েকজন পরীক্ষার্থীকে প্রশ্ন, ৪টি বিকল্প এবং সঠিক উত্তর মৌখিকভাবে জানানো হয়। কোনও ডিজিটাল প্রমাণ না রাখতে পরীক্ষার্থীদের সব কিছু হাতে লিখে নিতে বলা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তল্লাশিতে উদ্ধার হওয়া পরীক্ষার্থীদের নোটবুকের CFSL ও হ্যান্ডরাইটিং পরীক্ষা করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয় ৩ মে হওয়া NEET-UG-র প্রশ্নপত্র। সেগুলো হুবহু মিলে যায়। এছাড়া, তদন্তে অনলাইন লেনদেনের ডিজিটাল রেকর্ডও হাতে এসেছে।