কলকাতা: ট্রেনে স্লিপার ক্লাসের টিকিট কেটে উঠে, এসি কামরায় চলে যাওয়া, আর তারপরেই সিট নিয়ে বিতর্ক। গতকালই শিরোনামে উঠে আসে, অভিনেত্রী মডেল অন্তরা বন্দ্যোপাধ্যায় (Antara Banerjee)-এর নাম। অনেক জায়গাতেই তাঁর ছবি ব্যবহার করে এই খবরটি ছড়িয়ে পড়ে। মুম্বইতে কাজ করে, ইতিমধ্যেই নিজের জায়গা তৈরি করে ফেলেছেন অন্তরা। কিন্তু তিনি এমন কাণ্ড করতে পারেন, সেই খবর ছড়িয়ে পড়তেই অবাক হয়েছিলেন অনুরাগীরা।
কোন অভিযোগ নিয়ে শুরু হয় বিভ্রান্তি?
অন্তরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি সুরাটগামী স্লিপার-ক্লাসের টিকিট কেটে তিনি একটি বাতানুকুল সংরক্ষিত কোচে উঠে পড়েন। এখানেই শেষ নয়, তিনি নাকি এক যাত্রীকে সংরক্ষিত আসন পর্যন্ত ছেড়ে দিতে বলেন। সেখান থেকেই শুরু হয় বচসা। সমস্যা এতটাই বড় হয়ে ওঠেন যে, প্রথমে ট্রেনের টিটি এবং পরে আরপিএফকে ঘটনাস্থলে ডাকা হয়। এরপরে অন্তরা বন্দ্যোপাধ্যায় নাকি বিবস্ত্র হয়ে হয়ে, ব্লেড দিয়ে আক্রমণ করতে যান। ঘটনায় আহত হন এসআই এবং অন্তরা নিজেও। অবশেষে এই ঘটনায় তাঁকে আটক করা হয়েছে, এমনটাই খবর ছড়িয়েছিল। অবশেষে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন, অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়। তিনি যা বললেন, তা শুনে অবাক সকলেই।
কেন এই বিভ্রান্তি?
অন্তরা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনা যিনি ঘটিয়েছেন, তাঁর নামও অন্তরা বটে, তবে তিনি অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায় নন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অন্তরা বলেন, ‘গোটা বিষয়টায় আমি স্তম্ভিত। রবিবার সকালবেলা এই বিষয়ে প্রথম ফোনটা আমি পাই, এরপরে সারাদিন ৪০০টারও বেশি ফোন আসে আমার কাছে। সারাদিন আমি আমার পরিবারকে ফোন করে বুঝিয়ে গিয়েছি যে, যে মহিলা ওই ঘটনা ঘটিয়েছে, সেটা আমি নই। এরপরে আমি সোশ্যাল মিডিয়া থএকে শুরু করে, বিভিন্ন নিউজ পোর্টালে দেখি আমার ছবি ব্যবহার করে একটি খবর করা হয়েছে।’
নাম ও তথ্যের মিলেই বিপত্তি
গোটা ঘটনা জানার পরে, বিষয়টা নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন অন্তরা। তিনি জানান, যে মহিলা এই ঘটনা ঘটিয়েছেন, তিনিও পেশায় মডেল। শুধু তাই নয়, অন্তরার চেহারা, নামের বানানের সঙ্গেও ওই মহিলার বিস্তর মিল রয়েছে। সেখান থেকেই বিভ্রান্তি। অন্তরা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে মহিলা এই ঘটনা ঘটিয়েছেন, সেই মহিলার বাবার নাম সোহম, আর অন্তরার বাবার নাম, সুব্রত বন্দ্যোপাধ্যায়। ওই মহিলা থানেতে থাকেন আর অন্তরা বন্দ্যোপাধ্যায় থাকেন অন্ধেরির যোগেশ্বরীতে। অন্তরা এ ও জানিয়েছেন, যাঁরা যাঁরা তাঁর ছবি ব্যবহার করে এই খবরটি করেছেন, তাঁরা যেন পরিবর্তন করে নেন ছবি ও তাঁর সম্পর্কিত তথ্য।