Last Updated:
Narmada Cruise Boat Tradegy: আনন্দের ভ্রমণ নিমেষে পরিণত হল হাহাকারে! নর্মদায় ঝড়ের দাপটে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেল ক্রুজ। এখনও পর্যন্ত মৃত ৬
জব্বলপুর: নর্মদায় ক্রুজ বোটে চেপে ঘুরতে বেরিয়েছিলেন একদল পর্যটক! কিন্তু আনন্দের সেই যাত্রার পরিণাম হল ভয়াবহ! মধ্যপ্রদেশের বার্গি ড্যামে ডুবে গেল লঞ্চ। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জব্বলপুরের খামারিয়া দ্বীপের কাছে। সেখানেই মধ্যপ্রদেশ ট্যুরিজম-এর একটি ক্রুজ ২৯ জন পর্যটককে নিয়ে বেরিয়েছিল। আচমকাই মাঝপথে ঝড় ওঠে। ঝড়ের মধ্যে বেশামাল হয়ে পড়ে লঞ্চ, নিয়ন্ত্রণ হারিয়ে উত্তাল জলে ডুবে যায়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নৌকাডুবির পর ১৫ জন পর্যটক কোনওক্রমে নদীতে সাঁতরে পাড়ে আসেন। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, যার মধ্যে দু’জন মহিলা রয়েছেন। এছাড়া ৮ জন নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই আবহাওয়া বদলে যায়। প্রবল ঝড়ের মধ্যে পড়ে ক্রুজটি। ঝোড়ো হাওয়ার দাপটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভারসাম্য হারিয়ে জলে ডুবে যায় যাত্রীবোঝাই লঞ্চ। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-এর উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। সার্চলাইটের সাহায্যে তল্লাশি চালানো হয়। বার্গি বাঁধের অন্ধকার জল এবং কম দৃশ্যমানতার কারণে উদ্ধারকাজে বাধা আসছিল। জেলা শাসক রাঘবেন্দ্র সিং এবং জব্বলপুরের পুলিশ সুপার সম্পৎ উপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। আহতদের জব্বলপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। ক্রুজের ক্যাপ্টেন মহেশ প্যাটেলকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
পিডব্লিউডি মন্ত্রী ও স্থানীয় বিধায়ক রাকেশ সিং এনডিটিভিকে বলেন, “এসডিআরএফ প্রায় ১০ জনকে উদ্ধার করেছে। যদি ক্রুজ সংস্থার কোনও গাফিলতি প্রমাণিত হয়, তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে আমাদের কাছে উদ্ধার অভিযানই সর্বোচ্চ অগ্রাধিকার।”
Kolkata,West Bengal
Apr 30, 2026 11:25 PM IST
