কলকাতা: সোশ্যাল মিডিয়ায় গানের ঘোষণা, কিন্ত সেটা নয়, নজর কাড়ল কমেন্ট বক্স! পুজোয় মুক্তি পাচ্ছে ‘দেশু7’ (DeSu7), এই কথা ইতিমধ্যেই সবার জানা। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন দেব (Dev)। সেই সঙ্গে তিনি এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয়ও করছেন। আর এই সিনেমায় নায়িকার ভূমিকায় রয়েছেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। এছাড়াও সিনেমায় রয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), ইধিকা পাল (Idhika Paul), রজতাভ দত্ত (Rajatabha Dutta), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) এবং আরও অনেক জনপ্রিয় মুখেরা। আজ মুক্তি পেল, এই সিনেমার গানের প্রথম পোস্টার, সেখানে সিনেমার নায়ক নায়িকার ছবি, কিন্তু নজর কাড়ল ছবির কমেন্ট বক্স!
দেব-শুভশ্রীর রসায়নে মজে নেটপাড়া
সোশ্যাল মিডিয়ায় আজ শুভশ্রী একটি পোস্টার শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে দেব এবং শুভশ্রীর ছবি। ঘোষণা, এই সিনেমার প্রথম গান ‘শুধু তোর’ মুক্তি পাচ্ছে শীঘ্রই। আর এই ছবির কমেন্ট বক্সেই শুভশ্রী লিখেছেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে দেব?’ এই সংলাপ দেবের ‘খাদান’ ছবির একটি সংলাপের আদলে। দীর্ঘদিন পরে, ‘খাদান’-এ একেবারে অ্যাকশন অবতারে ফিরেছিলেন দেব। দীর্ঘদিন অন্য ঘরানার সিনেমায় অভিনয় করছিলেন দেব। এতে জনপ্রিয়তা পেলেও, অনেকেই মিস্ করছিলেন, দেবের আগের অবতারকে। আর এরপরে, ‘খাদান’ সিনেমায় দেবের একটি সংলাপ ছিল, ‘ফ্য়ামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গিয়েছি?’ আর সেই সংলাপের আদলেই, শুভশ্রী এই লাইনটি লিখেছেন। প্রসঙ্গত ‘ধূমকেতু’ মুক্তির পরে, দেবের একটি সাক্ষাৎকারে বলা কথা নিয়ে নতুন করে শুরু হয়েছিল বিতর্ক। দেব বলতে চেয়েছিলেন, শুভশ্রী অনেকটা পরিণত হয়েছেন। কিন্তু সেই কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, শুভশ্রীর ইনোসেন্স চলে গিয়েছে। এই কথার পাল্টা শুভশ্রী বলেছিলেন, দেব তাঁর সঙ্গে আর কাজ করবেন কি না জানা নেই, কারণ তাঁর আর ইনোসেন্ট নেই, এমনটাই বলেছেন দেব। তবে সেই ভুল বোঝাবুঝি পরবর্তীকালে মিটে যায়। ফের ছবির স্বার্থেই এক হন, দেব শুভশ্রী।
সেই বিতর্কের কথা মনে করিয়েই, মজার ছলে শুভশ্রী লিখেছেন, ”ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে দেব?’ এর উত্তরে কমেন্টবক্সে দেব লেখেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই আজও আছে সবই এক’। অনুরাগীরা আপাতত মজেছেন নায়ক নায়িকার এই রসায়নেই। তবে এই কথোপকথন শুধুই ছবির প্রচারের স্বার্থে, এমনটা অবশ্য মনে করছেন একাংশ।