কলকাতা: ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন, ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন, বিগ বস বাংলার (Big Boss Bangla) প্রতিযোগী, অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। তাঁর আঘাত এতটাই গুরুতর ছিল, ৫ দিন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে সৃজলার। কিছুটা সুস্থ হয়ে ফের বিগ বসের বাড়িতে এসেছেন তিনি। আর সেখানে এসেই, নন্দিনীর ওপর ক্ষোভ উগরে দেন সৃজলা। তিনি বলেন, রাজবীরকে ঘোড়া থেকে ধীরে ধীরে নামানো হলেও, তাঁর ঘোড়াটাকে কার্যত আছাড় মারা হয়েছিল। হঠাৎ এই ঝাঁকুনিতে মুখ থুবড়ে পড়ে যান সৃজলা। আঘাত এতটাই গুরুতর ছিল যে, সাময়িক চিকিৎসায় কাজ হয়নি তাঁর। হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।
সৃজলা না থাকাকালীনও নন্দিনীর বিরূপ মন্তব্য!
সৃজলা না থাকাকালীন, নন্দিনী সবার সঙ্গে কথা বলার সময় বারে বারেই বলেছেন যে, সৃজলা যখন ঘরে ফিরবেন তিনি যেন সমস্ত জমে থাকা রাগ বের করে দেন। অথচ সৃজলা না থাকাকালীনও নন্দিনী রাজবীরকে তাঁকে নিয়ে বিরূপ কথা বলেছেন। তিনি বলেছেন যে, সৃজলাকে তিনি পছন্দ করেন না। এমনকি রাজবীর যে সৃজলার সঙ্গে কথা বলেন, সেটাও নন্দিনীর যে অপছন্দ, সেটাও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। আর সৃজলা ঘরে ফেরার পরে, নন্দিনী আর সৃজলাকে দেখা গেল কথা বলতে। কী কথা হল তাঁদের মধ্যে?
কী কথা বল নন্দিনী আর সৃজলার মধ্যে?
এদিন সৃজলা শুয়ে বিশ্রাম করছিলেন। সেই সময়ে নন্দিনী গিয়ে তাঁর কাছে ক্ষমা চান। পাশাপাশি তিনি জানান, সৃজলার যে ব্যক্তিগত চিঠিটা তিনি ছিঁড়ে ফেলার পরিকল্পনা করেছিলেন, সেটা তিনি পুরোটা পড়েননি। নন্দিনী জানান, তিনি সৃজলার চিঠিটা খুলে কিছুটা অংশ পড়েছিলেন বটে, তবে পুরোটা নয়। তবে নন্দিনীর মনে হয়েছিল, ওই চিঠি সৃজলার প্রেমিকের লেখা নয়। সেই কারণেই তিনি চিঠিটা পড়েছিলেন। এর উত্তরে সৃজলা বলেন, ‘সত্যিটা বল.. চিঠিটায় I Love You লেখা ছিল। তোর যদি মনে হয়ে থাকে, ওটা আমায় বয়ফ্রেন্ডের চিঠি, তাহলে তো আরোই সেটা পড়া উচিত হয়নি। ওকে ওটা আমি বিশ্বাস করে বলেছিলাম।’ এরপরে সৃজলা বলেন, নন্দিনী যদি তাঁকে ভালভাবে এসে বলতেন, ক্যাপ্টেন্সি টাস্ক ছেড়ে দিতে, তাহলে তিনি তা করতেন। কিন্তু নন্দিনীর এই ব্যবহার, শুধুমাত্র ক্যাপ্টেন্সি টাস্ক জেতার জন্য.. তাঁর কাছে এটা অপ্রত্যাশিত এবং তিনি হতাশ।