কলকাতা: ‘হেমলক সোসাইটি’-র স্মৃতি ফেরাচ্ছেন কোয়েল মল্লিক (Koel Mallick) আর পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। ফের নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন তাঁরা। অন্নপূর্ণা বসুর পরিচালনায় আসছে নতুন ছবি, ‘স্পর্ধা’, আর সেই ছবিতেই জুটি হিসেবে দেখা যাবে, পরমব্রত আর কোয়েলকে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই সিনেমা। আজ মহরত হয়ে গেল এই ছবির। হাজির ছিলেন কোয়েল, পরমব্রত ও ছবির অন্যান্য কলাকুশলীরা। প্রসঙ্গত, এর আগে অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ সিনেমায় অভিনয় করেছিলেন কোয়েল। সেই ছবি যথেষ্ট প্রশংসিত হয়েছিল, উল্লেখযোগ্য ব্যবসাও করেছিল। আর এবার, অন্নপূর্ণা বসুর পরিচালনাতেই নতুন সিনেমায় আসতে চলেছে পরমব্রত, কোয়েলের জুটি।
নতুন সিনেমায় পরমব্রতর সঙ্গে জুটি বাঁধছেন কোয়েল
গত শীতে মুক্তি পেয়েছিল, কোয়েলের ‘মিতিন মাসি’ সিরিজের নতুন ছবি। এছাড়াও ‘স্বার্থপর’ ছবিটি যথেষ্ট প্রশংসিত হয়েছিল। আর এবার একেবারে নতুন জুটিতে দেখা যাবে কোয়েলকে। অভিনয়ের পাশাপাশি, ব্যক্তিগত জীবনও সমানভাবে ব্যালেন্স করে চলেন কোয়েল। সোশ্যাল মিডিয়ায় তাঁর টুকরো টুকরো ছবিও শেয়ার করে নেন। সদ্যই একটি পারিবারিক বিবাহ উপলক্ষ্যে সপরিবারে বিদেশে গিয়েছিলেন অভিনেত্রী। আর এরপরে সেখান থেকে ফিরে, ফের রুপোলি পর্দার কাজ শুরু করছেন কোয়েল। সদ্যই রাখীপূর্ণিমা গিয়েছে আর বিশেষ এই দিনে, কোয়েল তাঁর ২ খুদের ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। দাদা কবীরকে রাখী বেঁধে দিচ্ছে ছোট্ট কাব্য, সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি।
২০১২ সালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়, ‘হেমলক সোস্যাইটি’ সিনেমায় অভিনয় করেছিলেন পরমব্রত ও কোয়েল। তাঁদের রসায়ন দর্শকদের মন কেড়েছিল। বক্সঅফিসে সেই সময়ে যথেষ্ট ব্যবসাও করেছিল এই সিনেমা। সেই সময় থেকেই পরমব্রত আর কোয়েলের জুটির কথা বললেই, মানুষের এই সিনেমার কথাই মনে পড়ে। তবে নতুন এই সিনেমায় পরমব্রত আর কোয়েলকে ঠিক কোন কোন চরিত্রে দেখা যাবে, সেই কথা এখনওই খোলসা করতে চান না পরিচালক। খুব তাড়াতাড়ি এই সিনেমার শ্যুটিং শুরু হবে। ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন, জিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: Rakhi Sawant: ‘বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই…’, এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত