কলকাতা: জিতের (Jeet)-এর সিনেমার প্রিমিয়ারে এসে দেব (Dev) বলেছিলেন যে, তাঁকে আর জিৎ-কে নিয়ে একটা কিছু পরিকল্পনা করছেন বুম্বাদা, ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। পুজোর পরেই নাকি সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কিন্তু তার আগেই, এক মঞ্চে দেখা গেল, দেব আর জিৎ-কে। আর মধ্যমণি হয়ে রইলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। উত্তমকুমারের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ৩দিন ব্যাপী যে উৎসবের আয়োজন করা হয়েছিল, তার শেষ দিনে টলিউড যে ছবি দেখল, তা এক অন্যরকম ভাললাগার। উত্তমকুমার যেন কোন ম্যাজিকে মিলিয়ে দিয়ে গেল, গোটা টলিউডকে!
উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে বন্ধুতার ছবি দেখল টলিউড
চলতি বছর উত্তমকুমারের জন্মশতবার্ষিকী। সরকারের তরফে ৩দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে যেমন হাজির ছিলেন টলিউডের সিংহভাগ, তেমনই উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আর অনুষ্ঠানের শেষ দিনে, উত্তমকুমারের সিনেমার গানে মঞ্চ মাতালেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এদিন মঞ্চে দেব, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, অঙ্কুশ হাজরা, ঋদ্ধিমা সেন, গৌরব চক্রবর্তী এবং অন্যান্য জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা পারফরম্যান্স করেন। তবে দর্শকাসন উচ্ছ্বসিত হয়ে ওঠে তখনই, যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হাত ধরে মঞ্চে নিয়ে আসেন দেব এবং জিৎ-কে। উত্তমকুমারের গানে ২ জনেই কোমর দোলালেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। নেটদুনিয়া বলতে থাকে, উত্তমকুমার যেন না থেকেও, মিলিয়ে দিলেন গোটা টলিউডকে।
ঝড়ঝাপটা তো কম যায়নি টলিউডের ওপর! বারে বারে মতবিরোধ থেকে শুরু করে, ভাঙনের ছবিও দেখেছে টলিউড। একটা সময়ে কান পাতলেই শোনা যে, ঠাণ্ডা লড়াই রয়েছে দেব আর জিতের মধ্যে। সেই কারণেই ‘দুই পৃথিবী’-র পরে ২ প্রথম সারির নায়ককে আর একসঙ্গে দেখা যায়নি। তবে দেব এবং জিৎ সবসময়েই সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেছেন যে, তাঁদের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে, দ্বন্দ্বের খবর নেহাৎই মনগড়া। এরপরে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) জিতের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে, দেবের সঙ্গে জিতের দ্বৈরথ থাকলে, তিনি কখনোই জিতের সঙ্গে কাজ করতে পারতেন না। তবে উত্তমকুমারের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে, এক মঞ্চে দেব এবং জিতের নাচের এই ছবি, টলিউড বন্ধুতা হিসেবেই মনে রেখে দেবে অনেকদিন।