কলকাতা: ফের নিশানায় আরও এক গায়ক! এবার পাঞ্জাবি সঙ্গীতশিল্পী গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে চলল গুলি! জানা যাচ্ছে, শনিবার গভীর রাতে, ৩ অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুখ ঢেকে গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গেট লক্ষ্য করে গুলি চালানো হয় বলেই জানা যাচ্ছে। ফলে কেউ আহত হননি, তবে আতঙ্ক তৈরি করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে, বরনালা জেলার ফরওয়াহী গ্রামে। গুলি চলার সময়ে, বাড়ি ছিলেন না, পাঞ্জাবি সঙ্গীতশিল্পী গুলাব সিধু। তবে সেই সময়ে বাড়িতে ছিলেন তাঁর পরিবার।
কী ঘটেছে সঙ্গীতশিল্পীর বাড়ির সামনে?
জানা গিয়েছে, শনিবার রাতে একটি বাইকে চেপে ৩ জন এসেছিলেন ওই সঙ্গীতশিল্পীর বাড়ির বাইরে। একজন বাইক থেকেই গেট লক্ষ্য করে গুলি চালায়, অন্য ২ ব্যক্তি ক্যামেরায় গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করছিল বলে জানা গিয়েছে। সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনাটা ধরা পড়েছে। সেই থেকেই জানা গিয়েছে যে, বাইকে থাকা ওই ৩ ব্যক্তি মোট ৬-টি গুলি চালায় গেট লক্ষ্য করে। প্রতিটি গুলিই বাড়ির মূল ফটকে লেগেছে। তবে কাউকে আহত করার কোনও পরিকল্পনা ছিল না ওই দুষ্কৃতীদের, এমনটাই মনে করা হচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ ও।
গায়কের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় সিধু মুসেওয়ালার মৃত্যু যোগ?
প্রসঙ্গত সিধু মুসেওয়ালার সঙ্গে পাঞ্জাবি সঙ্গীতশিল্পী গুলাব সিধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সিধু মুসেওয়ালার মৃত্যুর কথা সবারই জানা। গাড়িতে বসে থাকাকালীন, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে। তবে পাঞ্জাবি সঙ্গীতশিল্পী গুলাব সিধুর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার সঙ্গে সঙ্গে সিধু মুসেওয়ালার খুনের ঘটনাক কোনও সম্পর্ক রয়েছে কি না.. সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। সমাজমাধ্যমে পোস্ট করে বা চিঠি পাঠিয়েও কেউ এই ঘটনার দায়িত্ব নেয়নি। তাহলে হঠাৎ কেন এইরকম ঘটনা ঘটানো হল, তা নিয়ে রহস্য রয়ে যাচ্ছে। ঘটনায় তদন্ত করছে পুলিশ। অন্যদিকে সদ্যই রোহিত শেট্টির বাড়ির সামনেও গুলি চালানোর মতো ঘটনা ঘটে। এরপরে তাঁর বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।