ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই চার্জ বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) খুবই নগণ্য হারে রাখা হয়েছে বলে বিবৃতি দিয়ে দাবি করেছে কেন্দ্রীয় সরকার৷ প্রতিটি লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ টাকা ব্যবসায়ীদের থেকে কাটা হবে৷ তবে রেল, টেলিকম, পেট্রোল পাম্প থেকে জ্বালানি ভরার মতো জরুরি পরিষেবাগুলির ক্ষেত্রে এই এমডিআর লেনদেন পিছু ৫ টাকায় বেঁধে দেওয়া হয়েছে৷ অর্থাৎ, এই ধরনের পরিষেবার ক্ষেত্রে কোনও গ্রাহকের থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ২০০০ টাকার বেশি ইউপিআই-এর মাধ্যমে নিলেও এমডিআর হিসেবে ৫ টাকাই কাটা হবে৷
কেন্দ্রীয় সরকার একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছে, কোনও ভাবেই এই অতিরিক্ত চার্জ গ্রাহকদের থেকে আদায় করতে পারবেন না ব্যবসায়ীরা৷
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেল, জ্বালানি, বিমা, টেলিকম এবং কৃষি কাজে ব্যবহৃত জিনিসপত্র বিক্রির ক্ষেত্রে ইউপিআই-এর মাধ্যমে কোনও ব্যবসায়ী ২০০০ টাকার বেশি নিলেও লেনদেন পিছু অতিরিক্ত ৫ টাকাই কাটা হবে৷
মিউচুয়াল ফান্ড বা ক্যাপিটাল মার্কেটে টাকা বিনিয়োগের ক্ষেত্রে ২০০০ টাকার উপরে লেনদেনে এই এমডিআর-এর হার ০.২ শতাংশ রাখা হয়েছে৷ এক্ষেত্রেও একটি লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকা এমডিআর কাটা হবে৷
ইউপিআই-এর এই নতুন নিয়মে সাধারণ ক্রেতাদের মতো ছোট ব্যবসায়ী, হকারদেরও স্বস্তি দেওয়া হয়েছে৷ কারণ অধিকাংশ ক্ষেত্রেই তারা ইউপিআই-এর মাধ্যমে অত্যন্ত কম অঙ্কের টাকা জিনিসপত্রের দাম বাবদ গ্রাহকদের থেকে নিয়ে থাকেন৷ এক্ষেত্রে যে ব্যবসায়ীরা ইউপিআই-এর মাধ্যমে মাসিক ১ লক্ষ টাকা পর্যন্ত গ্রহণ করবেন, তাঁদের কোনও চার্জ দিতে হবে না৷
উদাহরণ হিসেবে বলা যায়, আপনি পাড়ার মুদি দোকান থেকে ১০০০ টাকার জিনিস কিনে ইউপিআই-এর মাধ্যমে টাকা মেটালেন৷ এক্ষেত্রে কোনও চার্জই প্রযোজ্য হবে না৷ আপনাকে এক পয়সাও অতিরিক্ত খরচ করতে হবে না৷
একই ভাবে আপনি পেট্রোল পাম্প থেকে গাড়িতে ৩ হাজার টাকার তেল ভরালেন৷ সেক্ষেত্রেও আপনাকে কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না৷ তবে এক্ষেত্রে ওই পেট্রোল পাম্পকে এমডিআর বাবদ ৫ টাকা দিতে হবে৷
আরও একটি উদাহরণ হিসেবে বলা যায়, আপনি একটি রেস্তোরাঁয় গিয়ে সপরিবারে খাওয়াদাওয়া করলেন৷ বিল হল ৬ হাজার টাকা৷ আপনাকে ৬ হাজার টাকাই দিতে হবে৷ ০.৪ শতাংশ হারে এমডিআর বাবদ সংশ্লিষ্ট রেস্তোরাঁর থেকে ২৪ টাকা চার্জ কাটা যাবে৷
আবার আপনার কোনও বন্ধু জরুরি প্রয়োজনে আপনার থেকে ১০ হাজার টাকা চাইল৷ আপনি ইউপিআই-এর মাধ্যমে সেই টাকা পাঠালেন৷ এ ক্ষেত্রেও আপনার বা আপনার বন্ধুর কারও উপরেই কোনও চার্জ ধার্য করা হবে না৷
ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন এমডিআর কাঠামো ঘোষণার পাশাপাশি বেশ কয়েকটি বিষয় স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ প্রথমত, ব্যাঙ্কগুলিকে নিশ্চিত করতে বলা হয়েছে যাতে কোনওভাবেই এই চার্জ গ্রাহকদের থেকে ব্যবসায়ীরা আদায় না করেন৷ যেমন, ক্রেডিট কার্ড পেমেন্টের ক্ষেত্রে অনেক জায়গাতেই বিলের সঙ্গে ১ বা ২ শতাংশ টাকা জুড়ে দেওয়া হয়৷
পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে ইউপিআই লেনদেন সম্পূর্ণ ফ্রি থাকছে৷ মাসিক লেনদেনের ক্ষেত্রেও কোনওরকমের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হচ্ছে না৷ তবে কী ধরনের লেনদেন করা হচ্ছে তার উপরে ভিত্তি করে দৈনিক ১ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এনপিসিআই বা ব্যাঙ্কগুলি জারি করে৷ কিন্তু তা পুরোটাই ডিজিটাল লেনদেনকে নিরাপদ রাখার জন্য করা হয় বলেই দাবি কেন্দ্রীয় সরকারের৷