নয়াদিল্লি: UPI লেনদেনে মাশুল বসানো নিয়ে উত্তাল গোটা দেশ। সেই আবহে এবার পেট্রোল পাম্প ডিলারদের বড় ঘোষণা। জানিয়ে দেওয়া হল, MDR দিতে হলে ২০০০ টাকার বেশি লেনদেনে UPI পেমেন্ট আর গ্রহণই করবেন না তাঁরা। নগদে তেলের দাম মেটাতে হবে গ্রাহকদের। তাঁদের যুক্তি, ২০০০ টাকা UPI লেনদেনে ৫ টাকা MDR দিতে হলে তাঁদের কুলোবে না। (UPI MDR Policy)
All India Petroleum Dealers Association-এর তরফে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে সিদ্ধান্ত বিবেচনা করে দেখার আর্জি জানানো হয়েছে। ২০০০ টাকার বেশি লেনদেনে ব্যবসায়িক মাশুল বা MDR আদায়েক ক্ষেত্রে পেট্রোল পাম্পগুলিকে ছাড় দিতে আবেদন জানিয়েছে তারা। সংগঠনের অ্যাসোসিয়েট প্রেসিডেন্ট অজয় বনসল জানিয়েছেন, মোট লেনদেন নয়, বরং প্রতি লিটার তেলের মার্জিনের উপর তাঁদের আয় নির্ভর করে। তাতে মাশুল বসলে আয় কমে যাবে তাঁদের। (Petrol Pumps on UPI MDR)
রাজধানী ও সংলগ্ন এলাকা (NCR), পঞ্জাব, উত্তরপ্রদেশ, মুম্বই, কর্নাটক, রাজস্থানের ডিলাররাও MDR-এর বিরোধিতা করছেন। তাঁরা জানিয়েছেন, যে হারেই MDR বসানো হোক না কেন, তা তাঁদের ঘাড়ে বাড়তি বোঝা। কারণ প্রতি লিটার তেল বিক্রি করে ২.৪০-৪০ টাকাই আয় হয় তাঁদের। বাড়তি মাশুল দিতে হলে কুলোতে পারবেন না তাঁরা। কোনও রকম রাখঢাক না করেই All India Petroleum Traders-এর মুখপাত্র মন্টি সেহগল বলেন, “২০০০ বা তার বেশি টাকার লেনদেনে UPI নেওয়াই বন্ধ করতে হতে পারে আমাদের।”
আরও পড়ুন: আমেরিকার চাপেই UPI-তে ফি? জবাব দিল কেন্দ্র, বিবৃতিতে বলা হল…
২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত সময়কালের হিসেব বলছে, দেশে এই মুহূর্তে ১ লক্ষ ৩ হাজার ২৩টি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ পেট্রোল পাম্পই Indian Oil Corporation, Bharat Petroleum এবং Hindustan Petroleum দ্বারা পরিচালিত। বাকিগুলি পরিচালনা করে Nayara, Jio-BP এবং Shell-এর মতো বেসরকারি সংস্থা। অখিল কর্নাটক ফেডারেশন অফ পেট্রোলিয়াম ট্রেডার্সও সরকার এবং তাদের তেল বিপণন সংস্থাগুলিকে চিঠি দিয়েছে ইতিমধ্যেই। চিঠিতে বলা হয়েছে, পেট্রোল এবং ডিজেলের দাম ঠিক করে বিপণন সংস্থাগুলি। ডিজিটাল পেমেন্টের খরচ-খরচা অনুযায়ী দাম বাড়ানো বা কমানোর ক্ষমতা নেই ডিলারদের। তাই তাঁদের পক্ষে MDR দেওয়া সম্ভব নয়।