Job Cut : কর্মক্ষেত্রে চূড়ান্ত অমানবিকতার উদাহরণ দিল এই আমেরিকার কোম্পানি। মাত্র পাঁচ মিনিটে ৮০ জন ভারতীয় কর্মীকে ছাঁটাই (Indians Layoffs) করেছে মার্কিন এই সংস্থা। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্য়ে আসতেই হতবাক হয়েছেন নেটিজেনরা।
কীভাবে কর্মী ছাঁটাই শুনলে অবাক হবেন আপনিও
সোশ্যাল মিডিয়ায় কোম্পানির এক কর্মী জানিয়েছেন, পাঁচ মিনিটের গুগল মিটের পরই ৮০ জন ভারতীয় কর্মীকে জানিয়ে দেওয়া হয়, তাদের আর চাকরি নেই। ‘ইমিডিয়েট এফেক্টে’ তাদের কোম্পানি সরিয়ে দিচ্ছে। সোশ্য়াল মিডিয়া প্লাটফর্ম রেডিটে এই নিয়ে মুখ খুলেছেন এক কর্মী। তিনি বলেছেন, ”আমাকে গুগল মিট করে ছাঁটাই করা হয়েছে। গতকাল পর্যন্ত আমি একটি আমেরিকার ব্যাঙ্কের কাস্টমার সাপোর্ট টিমের অংশ ছিলাম। কোম্পানি জানিয়েছিল, ব্যাঙ্ক অপারেশনের কাজের জন্য গত কাল বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছিল আমাদের। আমি সন্ধ্যে সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯ টার শিফটে কাজ করছিলাম। সেই সময় কোম্পানি আমাদের গুগল মিটে নিয়ে জানিয়ে দেয়, পুরো ভারতীয় কাস্টমার সাপোর্ট টিমকে ছাঁটাই করা হচ্ছে।”
পাঁচ মিনিটে ৮০টি পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে
ওই কর্মী আরও বলেছেন, ” মাত্র ৫ মিনিটের ব্যবধানে যে এরকম ঘটনা ঘটতে পারে, তা কেউ বুঝতেই পারিনি। এক লহমায় ৮০ টা পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল। আমার ভাবতে খুব খারাপ লাগছে, এমন একটা কোম্পানিতে আমরা চাকরি করি, যেখানে যখন তখন কাউকে বসিয়ে দেওয়া হতে পারে। আমার অনুশোচনা হচ্ছে এই ভেবে যে, এরকম একটা কোম্পানির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছি। আমি জানি না, নতুন করে কীভাবে চাকরি পাব, এটা খুবই জঘন্য একটা বিষয়।”
কী বলছে কোম্পানি
রেডিট পোস্টে কর্মীর এই মন্তব্য শুনে কোম্পানি নিয়ে নিন্দা করছেন অনেকেই। যারা হঠাৎ করে চাকরি হারিয়েছেন তাদের জন্য সান্তনা দিচ্ছে নেটিজেনরা। এদের মধ্যেই একজন রেডিট ইউজারকে কোম্পানির হঠাৎ এরকম সিদ্ধান্তের কারণ জানতে চান। যার উত্তরে চাকরিহারা ওই কর্মী জানান, কোম্পানির তরফে বলা হয়েছে, ভারতের টিম থেকে সন্তোষজনক ফল পাচ্ছে না কোম্পানি। যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোনও ক্ষতিপূরণ দিচ্ছে কোম্পানি
সবথেকে অবাক করার বিষয়, এই অকস্মাৎ চাকরি ছাঁটাইয়ের পরও কোম্পানি তাদের কোনও ক্ষতিপূরণ বাবদ টাকা দেয়নি। যারা এক বছরের ওপর কোম্পানিতে কাজ করছিলেন, তাদের কেবল ১৫ দিনের বেতন দেওয়া হয়েছে।
(সোশ্য়াল মিডিয়া পোস্টের ভিত্তিতে এই খবরটি করা হয়েছে। এবিপি লাইভ বাংলা এই বিষয়টি যাচাই করেনি। কেবল তথ্য দেওয়ার উদ্দেশ্য়েই এই খবর তুলে ধরা হয়েছে। পাঠক নিজের কোনও অভিমত দেওয়ার আগে নিজে বিষয়টি সম্পর্কে অবগত হোন।)