কলকাতা: ছোটপর্দায় দাপিয়ে অভিনয় করছেন তিনি, ইতিমধ্যেই পা রেখেছেন বড়পর্দাতেও। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায়ের (Nandita Roy) ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ফেলেছেন তিনি। বর্তমানে ছোটপর্দার একটি জনপ্রিয় ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করছেন তিনি, শ্রুতি দাস (Shruti Das)। ব্যক্তিগত জীবন নিয়েও বেশ খোলামেলা অভিনেত্রী, তবে আজ তাঁর নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট উৎসাহের সঞ্চার করেছে, অনুরাগীদের মনে। শ্রুতি দাস কি নতুন কোনও অধ্যায়ে পা রাখতে চলেছেন?
শ্রুতির প্রেমের শুরু
চিরকালই ছকভাঙা, শ্রুতি জীবনকে বেছে নিয়েছেন নিজের মতো করে, নিজের শর্তেই। ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই তাঁর আলাপ, পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে। প্রথমে আলাপ, তারপরে প্রেম। পরবর্তীতে পরিচালক-প্রযোজক জানিয়েছিলেন, প্রথমে প্রেমের প্রস্তাব এসেছিল শ্রুতির তরফ থেকেই। বয়সের অনেকটা পার্থক্য হওয়ার ফলে, বিষয়টাকে তেমন পাত্তা দেননি স্বর্ণেন্দু। তিনি মনে করেছিলেন, এ সাময়িক ভাললাগা, কেটে যাবে অচিরেই। তবে শ্রুতির জেদ ছিল, স্বর্ণেন্দুর মন জয় করার জেদ। সময়ের সঙ্গে সঙ্গে স্বর্ণেন্দু বুঝেছিলেন, শ্রুতির অনুভূতি নিছক ভাললাগা নয়, ভালবাসা।
প্রেম থেকে বিয়ে, শ্রুতি-স্বর্ণেন্দুর সফর
সময় এগিয়েছে, গাঢ় হয়েছে শ্রুতি আর স্বর্ণেন্দুর প্রেম। সম্পর্কের পাশাপাশি, ২ জনেই নিজের নিজের মতো করে কাজ চালিয়ে গিয়েছেন। অনেক সময়েই শ্রুতিকে অনেক কটাক্ষ শুনতে হয়েছে এই সম্পর্ক নিয়ে। তবে তিনি কখনও এই বিষয়টাকে পাত্তা দিতে চাননি। ২০২৩ সালের জুলাই মাসে, আইনি বিয়ে সারেন শ্রুতি আর স্বর্ণেন্দু। খুব ঘনিষ্ঠ একটি অনুষ্ঠান করে, আইনি বিয়ে সারেন তাঁরা। কাটা হয় কেক। সাদা শাড়ি লাল পাড় আর রুপোর গয়নায় সেজেছিলেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল তাঁর সাজ। তবে এবার, শ্রুতির পোস্টে কোন নতুন শুরুর ইঙ্গিত?
সমুদ্রসৈকত থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি আর স্বর্ণেন্দু। সেখানে দেখা যাচ্ছে, একটি লাল শাড়িতে সেজেছেন শ্রুতি। তাঁর ব্লাউজের বুননে ফুটিয়ে তোলা হয়েছে, কনেবউয়ের ছবি। তাঁর শাড়িতে রয়েছে, বিয়ের মুকুট। অন্যদিকে সাদা পাঞ্জাবিতে সেজেছেন স্বর্ণেন্দু। কোনো ছবিতে সমুদ্রের জল ছুঁয়ে যাচ্ছে তাঁদের পা, কোনও ছবিতে আবার সমুদ্রের ধারে কলাগাছ দিয়ে তৈরি করা হয়েছে ছাদনাতলা। শ্রুতি নতুন শুরুর ইঙ্গিত দিয়েছেন এই ছবিতে। তবে কি এবার সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন স্বর্ণেন্দু আর শ্রুতি? অনেকে আবার মনে করছেন, ২ থেকে ৩ হতে চলেছেন, স্বর্ণেন্দু আর শ্রুতি। অভিনেত্রী জানালেন, আপাতত তিনি ধোঁয়াশাই বজায় রাখতে চান।
[
Jeetu Kamal: নতুন সরকারের থেকে প্রত্যাশা কমেছে, বিতর্ক আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কাজে নয়: জিতু কমল