Last Updated:
Zubeen Garg Death Anniversary: দেখতে দেখতে বছর পার৷ মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে এক স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। আগামী ৩ দিন অসমে পালিত হবে ‘জুবিন দিবস’৷
চোখের পলকে যেন কেটে গেল গোটা একটা বছর৷ জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যু সকলকে যেন নাড়িয়ে দিয়েছিল৷ ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে এক স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান জুবিন। আজ, শনিবার সঙ্গীত জগতের স্বনামধন্য গায়ক জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী। প্রিয় গায়কের মৃত্যুতে সমস্ত ভক্তরা আজ স্মরণ করেছেন তাকে৷ আগামী ৩ দিন অসমে’জুবিন দিবস’ পালিত হবে৷
জুবিন গর্গের মৃত্যুবার্ষিকীর এক বছর পূর্তি উপলক্ষে অসম সরকার একটি ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। রাজ্য বিজেপি কার্যালয়ে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা এবং বহু বিজেপি নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি প্রতি বছর রক্তদানের মাধ্যমে জুবিন গর্গের জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন অব্যাহত রাখবে।
এছাড়াও তিনি আরও বলেন, “চলমান মামলাগুলোর বিষয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আমার চুপ থাকাই শ্রেয়। গত এক বছর ধরে অসমের মানুষ জুবিন গর্গের মৃত্যুর বিচার চেয়ে আসছেন। সোশ্যাল মিডিয়াতেও এখনও বিচারের দাবি উঠছে। জীবদ্দশায় জুবিনের সঙ্গে আমাদের খুব মধুর সম্পর্ক ছিল। তিনি অসমের সঙ্গীত জগতে বিশাল অবদান রেখেছেন। কৃতজ্ঞ অসমীয়া জাতি তাঁকে সর্বদা স্মরণ করবে। আজ জুবিন গর্গের গান, সঙ্গীত, মানবিক কাজ ইত্যাদির ইতিবাচক দিকগুলো স্মরণ করার অনেক কারণ রয়েছে। ইতিবাচক চিন্তাভাবনার অধিকারী জাতীয় জীবনের এক মহান ব্যক্তিত্ব হিসেবে জুবিনকে স্মরণ করা উচিত।”
