কলকাতা: ‘বিগ বস বাংলা’-র (Big Boss Bangla) ঘরে সবচেয়ে বেশি কোনও প্রতিযোগীকে নিয়ে যদি সবচেয়ে বেশি বিতর্ক হয়, তাহলে সেটা হলেন, রাজবীর দেব (Rajveer De)। প্রবাসী বাঙালি এই তরুণ বর্তমানে মুম্বইতে কাজ করছেন, নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। প্রায় সমস্ত হাউজমেটরাই অভিযোগ করছেন, রাজবীর কাউকে সম্মান করতে জানেন না। তিনি স্বার্থপর, অভদ্রভাবে কথা বলেন। একাধিক ডিম-দুধের মতো খাবার খেয়ে ফেলেন। কে কে খেলেন, সেটা তিনি নাকি ফিরেও তাকান না! রাজবীরের সঙ্গে প্রায় রোজই কেউ না কেউ বিতর্কে জড়ান। আর এবার, রাজবীরের পাশে দাঁড়ালেন, ঘরের বাইরের একজন। শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
রাজবীরের পাশে শ্রীলেখা, ‘যদি এতজন মিলে একজনকে..’ আর কী বললেন তিনি?
এর আগে শ্রীলেখা একটি ভিডিও করে জানিয়েছিলেন, তিনি নিয়মিত ‘বিগ বস’ দেখেন। আর এবার তিনি ওই হাউজে রাজবীরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন। তাঁর দাবি, কেন রাজবীর অভব্য ব্যবহার করেন, কেন প্রত্যেকটা কথাতেই এত রিয়্যাক্ট করেন, সেটা কেউ কেন ভেবে দেখেন না? ২৪ ঘণ্টা একসঙ্গে এতগুলো মানুষ থাকছেন, কিন্তু তার মধ্যে বেছে নিয়ে মাত্র ১ ঘণ্টা দেখানো হয়! গোটা বিষয়টা নিয়ে নিজের মতামত জানিয়েছেন শ্রীলেখা। তিনি লিখেছেন, ‘প্রথমদিন থেকেই প্রায় প্রত্যেক হাউজমেট রাজবীরের বিরুদ্ধাচারণ করছেন। প্রথমদিন থেকেই ওকে নিয়ে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে —অসভ্য ছেলে, গাম্বাট, এই ছেলে… ওই ছেলে। নন্দিনীকে বাদ দিলে সংখ্যার অনুপাতটাও একবার ভাবুন। একটা মানুষকে যদি একসঙ্গে এতজন ক্রমাগত অসম্মান করে, খোঁটা দেয়, একঘরে করে রাখে, তাহলে তার কাছ থেকে সবসময় অত্যন্ত মাপা এবং শান্ত আচরণ আশা করাটাও কি খুব বাস্তবসম্মত?’
বাংলা ইন্ডাস্ট্রিতে যাঁরা কাজ করে, তাঁদের ‘পুকুরের মাছ’ বলে বিতর্কে জড়িয়েছিলেন রাজবীর। এই প্রসঙ্গ তুলে শ্রীলেখা লেখেন, ‘রাজবীরকে আমারও সবসময় ভাল লাগেনি। অনেক কিছু ও করেছে, যেগুলো আমার কাছে মোটেই সমর্থনযোগ্য নয়। বিশেষ করে ‘পুকুরের মাছ’ বলাটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু একসঙ্গে এটাও দেখেছি, ও সবার সঙ্গে হেসে কথা বলতে যায়, অনেক সময় এমন কিছু করে বা বলে যা হয়তো ও নিজেও পুরোপুরি বুঝে উঠতে পারে না। ভাষার একটা সমস্যা তো আছেই। আর ও বাকিদের তুলনায় ছোট। শিল্পী হিসেবে ওর আবেগপ্রবণ দিকটাও দেখেছি। আমার মনে হয়েছে, ছেলেটা খারাপ নয়। কিন্তু প্রথমদিন থেকেই ওর সম্পর্কে একটা ধারণা তৈরি করে নেওয়া হয়েছে। যেহেতু ও বাকিদের মতো পরিচিত নয়, মুম্বইতে নিজের জায়গা তৈরির চেষ্টা করছে… তাই ওকে খুব সহজেই আঘাত করা যায়।’
আরও পড়ুন: Sohini Sarkar: দীপিকা মা হওয়ার পরের দিনই, সুখবর দিলেন সোহিনী-শোভন! কোল জুড়ে পুত্র এল না কন্যা?