কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে, এক এক প্রতিযোগীর এক এক চরিত্র। আর সেটাই স্বাভাবিক। প্রায় একই পরিস্থিতিতে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাবেন, আর সেটাই স্বাভাবিক। তবে বিগ বসের এই সিজনে, বারে বারে কিছুটা অস্বাভাবিকভাবেই মেজাজ হারাতে দেখা গিয়েছে, নেটপ্রভাবী নিরঞ্জন। কখনও তাঁকে দেখা গিয়েছে প্রবল চিৎকার করতে। কখনও আবার ঘরের জিনিসপত্র পর্যন্ত ভাঙচুর করেছেন তিনি। আছড়ে ছুঁড়ে ভেঙেছেন জিনিস। আবার কখনও যখন গোটা ঘর ব্যস্ত বিগ বসের দেওয়া টাস্কে, তখন সোফায় আলস্যভরে বসে থাকতে দেখা গিয়েছে নিরঞ্জনকে। তাঁর ব্যবহারের কারণেই, সোশ্যাল মিডিয়ার একাংশে নিরঞ্জনকে নিয়ে বেশ বিরূপ একটা প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। আর এবার শনিবারের এপিসোড দেখে, নাম না করে নিরঞ্জনকে কটাক্ষ করলেন, অনীক ধর (Aneek Dhar)।
সৌরভের সঞ্চালনার ধারায় বদল
অনীক পেশায় সঙ্গীতশিল্পী। পাশাপাশি তিনি বিগ বস বাংলা সিজন ওয়ানের বিজয়ীও। সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিগ বসের এই নতুন সিজন নিয়ে নিজের মতামত রাখেন তিনি। আর শনিবারের এপিসোডের পরে, সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও আপলোড করেন অনীক। সেখানে প্রথমেই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনার বাহবা দিয়েছেন। এই সিজন শুরু হওয়ার পর থেকে, সৌরভের সঞ্চালনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কটাক্ষ, প্রতিক্রিয়া এসেছে। তবে এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রত্যেক প্রতিযোগীর কাজ থেকে শুরু করে ব্যবহারের কড়া সমালোচনা অবাক করেছে অনেককেই। প্রায় প্রত্যেক প্রতিযোগীকে তাঁদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সৌরভ। আর এই বিষয়েই কী বলেছেন, অনীক ধর?
বিগ বসের নতুন সিজন সম্পর্কে প্রাক্তন বিগ বস বিজয়ী, অনীক ধর
সোশ্যাল মিডিয়ায় এদিন অনীক বলছেন, ‘বলে না, মানুষের ভদ্র মানুষকে পছন্দ হয় না। সুখে থাকতে ভুলে কিলোয়.. এটা এমনি এমনি বলে না। ভাল লাগল? দাদার আগ্রাসী কথা, দাদার কাছ থেকে ঝাড় খেয়ে ভাল লাগল? ভদ্রভাবে থাকতে খুব অসুবিধা? মুখে মুখে তর্ক করতে হবে! না দেখে, সামনে কে দাঁড়িয়ে রয়েছে। তুমি কতটা নাটক করছো, কত কিছু নিয়ে মিথ্যা বলছো, লোকে বোঝে না? মানুষ অন্ধ? বেশ হয়েছে.. আরও এরকম হবে। দাদার রুদ্রমূর্তি দেখতে চেয়েছিলে, এবার দেখবে। একটা ভাল লোক, ভদ্র লোক মার্জিতভাবে মনে করছিলেন যে, বাংলার মানুষ বিগ বসের বাড়িতে খেলতে এসেছে। প্রথম থেকেই তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। কিন্তু সেটা পছন্দ না কারও। ঠিক আছে, যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে। আমি প্রচণ্ড খুশি।’