কলকাতা: নায়িকা মানেই কি তন্বী, সুন্দরী? সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা বদলেছে। কিন্তু এখনও নায়িকাদের ওপর বৃদ্ধি পেলে, তাঁদের কটাক্ষের মুখে পড়তে হয়। সন্তান জন্মের পরে, মায়েদের ওজন বৃদ্ধি হওয়া ভীষণ স্বাভাবিক একটা বিষয়। তবে এক একজন নারীর শরীরে, এর প্রভাব এক একরকম হয়। সদ্যই ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ওজনবৃদ্ধির জন্য কটাক্ষের মুখে পড়েছেন। সদ্যই গণপতি আরাধনায় স্বামী ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে অম্বানি পরিবারের আমন্ত্রণে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়তেই ধেয়ে আসে কটাক্ষ। কেন তাঁর নায়িকাসুলভ চেহারা চলে গিয়েছে, সেই প্রশ্নই করেছেন অনেকে। তবে ক্যাটরিনা একা নন, এই একই কটাক্ষের মুখে পড়েছিলেন, স্বরা ভাস্কর (Swara Bhaskar)-ও। সন্তান জন্মের পরে, ওজন বেড়ে যাওয়া নিয়ে কটাক্ষ শুনেছিলেন তিনি। আর এবার, সেই সমস্ত ট্রোলিংয়ের জবাব দিলেন স্বরা। নীরব প্রতিবাদ জানাতে কী করলেন তিনি?
পোশাকে নীরব প্রতিবাদ স্বরার
সদ্যই ‘রাইজ় অ্যান্ড ফল’-এর দ্বিতীয় সিজনের একটি এপিসোডে এসেছিলেন স্বরা ভাস্কর। বীরেন্দ্র সহবাগ সঞ্চালিত এই অনুষ্ঠানে একটি বেগুনি শাড়ি পরে এসেছিলেন তিনি। তবে শাড়ি নয়, এই অনুষ্ঠানে নজর কাড়ে তাঁর ব্লাউজ। বেগুনি রঙের শাড়ির সঙ্গে, একটি বেগুনি রঙেরই ব্লাউজ পরেছিলেন তিনি। আর সেই ব্লাউজের বুকের কাছে, এমব্রয়েডারি করে ফুটিয়ে তোলা হয়েছে একটি শব্দ। ‘মোটি’। হিন্দি এই শব্দের বাংলা অর্থ, মোটা। অভিনেত্রী জানিয়েছেন, সন্তান জন্ম নেওয়ার পর থেকে, ৩ বছর ধরে তাঁকে মোটা হওয়ার জন্য নানা কটাক্ষ, নানা কু-কথা শুনতে হয়েছে। সেই সমস্ত অভিজ্ঞতার কথাই এইভাবে তুলে ধরেছেন স্বরা।
এদিনের অনুষ্ঠানে স্বরা বলেন, মা হওয়ার পরে আমায় বলা হয়েছে ‘মোটা হয়ে গিয়েছে’, ‘মোষ হয়ে গিয়েছে’, ‘গরুর মতো হয়ে গিয়েছি’, ‘জলহস্তি হয়ে গিয়েছে’, ‘হাতি হয়ে গিয়েছে’.. এই ধরণের আরও কত বিশেষণ! আমার মতে, হ্যাঁ, আমি সবই হয়ে গিয়েছি। এবার আপনাদের কথা মেনে নিয়েই আমি নিজের পোশাকেই সেটা লিখে নিয়েছি।’ অভিনেত্রী এর আগেও জানিয়েছিলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, সন্তান জন্মের পরে তিনি খুব দ্রুত ওজন ঝরানোর জন্য কিছু করবেন না। স্বাভাবিক পদ্ধতিতে যতটুকু ওজন ঝরবে, তাতেই তিনি খুশি। কারণ মা হওয়ার পরে আগের চেহারায় আর ফেরা যায় না। মা হওয়ার সঙ্গে সঙ্গে পরিচিতি বদলে যায়। আগে তিনি সারা জীবনের জন্য একজন অভিভাবক, তারপরে অভিনেত্রী।