Last Updated:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সাহিত্য এবং তাঁর বহুচর্চিত উপন্যাস *পথের দাবী’-কে কেন্দ্র করে নির্মিত এই ছবি তুলে ধরবে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির সঙ্গে এক লেখকের চিন্তা ও কলমের সংঘাতের এক অসাধারণ অধ্যায়।
হুগলি: অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে তৈরি হয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগে বৃহস্পতিবার গ্রামীণ হাওড়ার বাগনানের সামতাবেড়ে শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত শরৎকুঠির পাশেই এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল ছবির ট্রেলার।
বৃহস্পতিবার বিকেলে সামতাবেড়ে হাজির ছিলেন ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী-সহ ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। অনুষ্ঠানের শুরুতে শরৎকুঠিতে কথাশিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন টোটা রায়চৌধুরী ও আবীর চট্টোপাধ্যায়। এরপর শরৎকুঠির পাশেই তৈরি মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশ করা হয় ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার।
s
ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় রয়েছেন সঞ্জয় নাগ, আর সব্যসাচী মল্লিকের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। ছবির ট্রেলার প্রকাশকে ঘিরে সামতাবেড়ে এদিন ছিল উৎসবের আবহ। প্রিয় অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালককে এক ঝলক দেখতে শরৎকুঠির আশপাশে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে বাগনান থানার পক্ষ থেকেও মোতায়েন করা হয়েছিল পুলিশ।

সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।
উল্লেখ্য, বাগনান থানার অন্তর্গত সামতাবেড় গ্রামেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বসতবাড়ি শরৎকুঠি। জীবনের প্রায় ১২ বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন অমর কথাশিল্পী। বর্তমানে শরৎকুঠি পর্যটক ও সাহিত্যপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র। সেই স্মৃতিবিজড়িত বাড়ির আঙিনা থেকেই প্রকাশ পেল শরৎচন্দ্রকে কেন্দ্র করে নির্মিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর ট্রেলার।
একটি বই। যার ভয়ে কেঁপেছিল গোটা ব্রিটিশ সাম্রাজ্য। যার পাতায় পাতায় ছিল শাসকের বিরুদ্ধে প্রশ্ন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আর স্বাধীনতার জন্য জেগে ওঠার ডাক। সেই উপন্যাস “পথের দাবী” প্রকাশনার শতবর্ষ উপলক্ষ্যে এবারের পুজো কাটুক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর সব্যসাচী মল্লিক এর সঙ্গে! সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় নন্দী মুভিজের এই বিশেষ ছবিতে থাকছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী-সহ একঝাঁক তারকা৷
সন্তু মল্লিক
