Last Updated:
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নর্থ আমেরিকা অপারেশন দেখাশোনার অভিযোগ থাকা গোল্ডি ব্রারের খোঁজে পুরস্কার ঘোষণা করেছে FBI। গোল্ডির সন্ধান দিতে পারলে ১০ লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
কলকাতা, প্রদীপ চক্রবর্ত্তীঃ আমেরিকায় সবচেয়ে দামী ব্যক্তি এই মুহূর্তে কে? সেটা নির্ভর করছে মূল্যায়নটা কীসের নিরিখে হচ্ছে তার উপর। আমেরিকার সমাজে বিভিন্নভাবে ভারতীয়রা নিজেদের অবদান রেখেছে ও রাখছে। বাংলাদেশি ও পাকিস্তানিরা আক্ষেপ করে বলেন, ইজরায়েলের পর আমেরিকায় নাকি ভারতীয়দেরই প্রভাব সবচেয়ে বেশি। আর FBI-এর মোস্ট ওয়ান্টেড তালিকা যদি ধরি, তাহলে এক ভারতীয় গ্যাংস্টার খুব দামি হয়ে উঠেছেন। নাম গোল্ডি ব্রার।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নর্থ আমেরিকা অপারেশন এই গোল্ডিই দেখাশোনা করে। মানে আক্ষরিক অর্থেই গোল্ডি সোনার ছেলে। গোল্ডি কানাডায় থেকে অপারেশন করে। আর হন্যে হয়ে খুঁজেও হদিশ পাচ্ছে না FBI। মার্কিন তদন্তকারী সংস্থা তাই পুরস্কার ঘোষণা করেছে। গোল্ডির খোঁজ যে দিতে পারবে, তাকে দশ লক্ষ ডলার পুরস্কার হিসেবে দেওয়া হবে। তার মানে গোল্ডির মাথার দাম দশ লক্ষ ডলার। মানে ৯ কোটি ৫৮ লক্ষ টাকা। এবং গোল্ডির কীর্তিকাহিনি খতিয়ে দেখলে বোঝা যাবে, FBI-এর গোল্ডির জন্য যা দাম ধার্য করেছে, গ্যাংস্টার হিসেবে সে তার থেকেও বেশি দামি।
২০২২ সালে গায়ক সিধু মুসেওয়ালার খুনে মাস্টারমাইন্ড হিসেবে গোল্ডি ব্রারের নাম উঠে আসে। ২০২৩ সালে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের মামলাতেও তিনি অভিযুক্ত হন। গোল্ডির বিরুদ্ধে রিকো ষড়যন্ত্রে অভিযুক্ত করেছে মার্কিন আদালত। অপরাধমূলক গোষ্ঠীগুলির বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হয়। পাশাপাশি, ভারত সরকার UAPA আইনে গোল্ডি ব্রারকে জঙ্গি ঘোষণা করেছে।
আপাতত গোল্ডিকে ইন্টারপোল, কানাডার তদন্তকারী ও আমেরিকার FBI হন্যে হয়ে খুঁজছে। বর্ণনা শুনে অমিতাভ বচ্চনের ডন সিনেমার একটা বিখ্যাত সংলাপের কথা মনে পড়ে যাচ্ছে। ডন কা ইনতেজার তো গ্যারা মুলকোকি পুলিশ কররহি হ্যায়। খুঁজি খুঁজি নারি। যে পায় তারই। আপাতত পলাতক থেকেই আমেরিকা-কানাডায় তোলাবাজি সামলাচ্ছে গোল্ডি।
