Last Updated:
Mecca Pact Kicks In: মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকর হওয়ার পর সৌদি আরবে বাহিনী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ও তুরস্ক। হুথিদের একের পর এক হামলার মধ্যে সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ। যদিও কত সেনা মোতায়েন হবে এবং তাঁদের দায়িত্ব কী হবে, তা এখনও স্পষ্ট নয়।
রিয়াদ: সৌদি আরবে ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি আরবে দ্রুত সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-র আওতায় এই পদক্ষেপ করা হবে। সোমবার রিয়াদে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক হয়। বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকে পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-সহ তিন দেশের একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন।
এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক জানিয়েছে, তারা সবরকম হামলা বা হুমকির মোকাবিলা করছে। তিন দেশ আরও জানিয়েছে, তারা যৌথ প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সরঞ্জাম প্রস্তুত রাখা হবে এবং চুক্তি অনুযায়ী সেনা ও সামরিক দ্রুত সৌদি আরবে মোতায়েন করা হবে।
অগাস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে এই ত্রিপাক্ষিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনও একটি দেশ আক্রান্ত হলে বাকি দুই দেশ তাকে সামরিকভাবে সাহায্য করবে।
এই চুক্তির মাধ্যমে একসঙ্গে এসেছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। তুরস্কর রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ। অন্যদিকে সৌদি আরব উপসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। কত সেনা পাঠানো হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে কত সংখ্যক সেনা পাঠানো হবে বা মোতায়েনের পর তারা ঠিক কী দায়িত্ব পালন করবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।
প্রসঙ্গত, ইয়েমেনে ফের সংঘর্ষ বাড়ার পর থেকে হুথিরা সৌদি আরবের বিভিন্ন শহর, তেল পরিকাঠামো এবং জাহাজ চলাচলের পথে হামলা চালিয়েছে। গত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সেপ্টেম্বরে হুথিরা বড়সড় অভিযান চালিয়ে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের নিয়ন্ত্রণে থাকা বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।
