Last Updated:
প্রথমে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি এবং তার পর পুলিশের সঙ্গে গুলি বর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়৷ প্রাণভয়ে ছোটাছুটি করতে থাকেন স্থানীয় বাসিন্দারা৷
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা৷ পেনসিলভেনিয়ার একটি বাড়িতে বন্দুকবাজের হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ মৃতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা এবং দুটি শিশুও রয়েছে৷
এলোপাথাড়ি গুলি চালানোর পর হামলাকারী নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে বলে খবর৷
জানা গিয়েছে, গতকাল ৯ অক্টোবর পেনসিলভেনিয়ার পেরি স্ট্রিট এলাকায় স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ এই ঘটনা ঘটেছে৷ গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দু জন মহিলাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ৷ বাকি গুলিবিদ্ধদের বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়৷
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকবাজ প্রথমে বাড়ির বাইরে দুই মহিলাকে গুলি করে হত্যা করে তার পর ভিতরে ঢুকে গুলি চালিয়ে বাকিদেরও হত্যা করে৷ এর পর বাড়ির ভিতর থেকেই পুলিশ বাহিনীর সঙ্গেও গুলি বিনিময় শুরু করে হামলাকারী৷
এরি এলাকার পুলিশের প্রধান লিক লোরাহ জানিয়েছেন, যেভাবে বন্দুকবাজের মোকাবিলা করতে হয়েছে, পুলিশ বাহিনীর কাছে তা যথেষ্টই কঠিন ছিল৷ পরে বাড়ির ভিতর থেকেই সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ উদ্ধার করা হয়৷ সম্ভবত নিজেই নিজের উপর গুলি চালায় সে৷
তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ৷ নিহতদের সঙ্গে হামলাকারী বন্দুকবাজের কোনও সম্পর্ক ছিল কি না, তাও এখনও স্পষ্ট নয়৷
এরির পুলিশ সুপার বলেন, ‘যে ঘটনা ঘটেছে তার বিবরণ দিতে কোনও শব্দই যথেষ্ট নয়৷’ হামলার প্রকৃত কারণ এবং রহস্যের কিনারা করতে পুলিশের সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি৷
