নয়াদিল্লি: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ভবিষ্যৎ ঘিরে জল্পনা তুঙ্গে। এ বছরের আইপিএল শেষ হওয়ার পর থেকেই আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। বারংবার বিভিন্ন দলের সঙ্গে তাঁর ট্রেডের গুঞ্জনও শোনা যাচ্ছে। সেই দলগুলির অন্যতম চেন্নাই সুপার কিংস।
এমন পরিস্থিতিতে সিএসকে প্রাক্তনী আর অশ্বিন (R Ashwin) কিন্তু তাঁর প্রাক্তন দলকে বেশ খানিকটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন। তাঁর মতে হার্দিকের হলুদ ব্রিগেডে যোগ দেওয়ার বিষয়টা বেশ কষ্টকর। পরিবর্তে তিনি অন্য এক দলের নাম করেন যারা তারকা ভারতীয় অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়ে বেশ ভাল জায়গায় রয়েছে। অশ্বিন নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে দাবি করেন যে নিঃসন্দেহেই হার্দিক সিএসকেতে এলে তা দলের শক্তি বাড়াবে, তবে সেটার সম্ভাবনা কম।
তাঁকে বলতে শোনা যায়, ‘আমি শুনছিলাম যে ধোনি নাকি ব্যক্তিগতভাবে হার্দিকের সঙ্গে কথাবার্তা বলে তাকে সিএসকেতে যোগ দেওয়ার জন্য রাজি করাবেন। সিএসকের জন্য এটা দারুণ হবে। তবে সত্যি বলতে এটা বেশ কষ্টসাধ্য।’ অশ্বিনের মতে হার্দিকের এই সিএসকেতে যোগ দেওয়ার গোটা বিষয়টি কেবল জল্পনাই, এর পিছনে কোনও দৃঢ় সত্যতা নেই।
আরও পড়ুন:- মাহেলার এক দশকের মুম্বই সফর শেষে দায়িত্ব নেবেন কে? পল্টনদের কোচ হওয়ার দৌড়ে এই পাঁচজন
তারপরেই জাতীয় দলে হার্দিকের প্রাক্তন সতীর্থকে এমন এক ফ্র্যাঞ্চাইজ়ির নাম নিতে শোনা যায়, যাদের তাঁর মতে হার্দিককে দলে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ‘আমি যেটুকু যা শুনেছি, হার্দিকের ট্রেডের বিষয়ে রাজস্থান রয়্যালস একেবারে শীর্ষে রয়েছে,’ দাবি অশ্বিনের।
সূত্রের খবর, আইপিএলের একটি দল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে খোঁজখবর নিয়েছে, ট্রেডিং করে হার্দিককে ছাড়া হবে কি না। ফিট থাকলে ৩২ বছরের ক্রিকেটার যে দলের সম্পদ হতে পারেন, একবাক্যে মেনে নিচ্ছেন ক্রিকেট পণ্ডিতরা। তবে যে দল আগ্রহ দেখিয়েছে, তারা শেষ পর্যন্ত হার্দিককে নেবে কি না, তা নিয়ে এখনও জল্পনা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স থেকে যদিও এখনও কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, হার্দিককে নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল বেশ কিছু দল। তবে তাদের মাঝেই একটি দল নাকি হার্দিকের ব্যাপারে বাড়তি উৎসাহী।
অবশ্য গোটা বিষয়ে এখনও সরকারিভাবে কিছুই বলা হয়নি। হার্দিক মুম্বই ছাড়ছেন, তিনি ট্রেডে অন্য দলে যোগ দেবেন, এই গোটাটাই এখনও জল্পনার পর্যায়েই রয়েছে।