Last Updated:
ট্রাম্প আরও দাবি করেছেন, যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণের পরিমাণ বেশি। তবে নিজের এই দাবির সমর্থনে কোনও পরিসংখ্যান তুলে ধরেননি তিনি।
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের উপর আমেরিকা ফের হামলা চালাতে পারে। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি হওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি।
ইরানের উপর ফের হামলা চালানোর সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি ইরানের উপর হামলা চালাতে পারি, এমন সম্ভাবনা রয়েছে। আবার একটি ভালো, বড় এবং সুন্দর চুক্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু সমস্যা হল, তারা কি চুক্তিটি মেনে চলবে?”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁর প্রধান লক্ষ্য হল, ইরান যাতে কখনও পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা। তাঁর যুক্তি, এর আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে আমেরিকা যে অভিযান চালিয়েছিল, তা স্থায়ী সমাধানের নিশ্চয়তা দিতে পারেনি।
“আমাকে এটাকে স্থায়ী করতে হবে,” বলেন তিনি। “আমার এটা করার একমাত্র কারণ হল সেটাই।”
ট্রাম্প আরও দাবি করেছেন, যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণের পরিমাণ বেশি। তবে নিজের এই দাবির সমর্থনে তিনি কোনও পরিসংখ্যান তুলে ধরেননি।
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। ফলে নতুন করে সামরিক অভিযান চালানোর পাশাপাশি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছনোর সম্ভাবনাও খোলা রেখেছেন তিনি। ট্রাম্প বলেন, “আমাকে হয়তো বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে, অথবা ওরা হয়তো একটি চুক্তিতে পৌঁছবে। তবে আমি নিশ্চিত নই। যেভাবেই হোক, জয় আমাদেরই হবে।”
ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ শুরু হয়েছিল। এর জেরে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত হয়। যুদ্ধবিরতি এবং শান্তিচুক্তি চূড়ান্ত করার বিষয়ে সমঝোতা হওয়া সত্ত্বেও সংঘাতের এখনও কোনও স্থায়ী সমাধান হয়নি।
