নয়াদিল্লি: দশ দলেরই পরের আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী মাসে গোয়ায় ২০২৭ সালের আইপিএলের জন্য মিনি নিলাম হবে। তার আগে ১৭ নভেম্বরের মধ্যে সব দলকে নিজেদের রিটেন এবং রিলিজ প্লেয়ারদের তালিকা প্রকাশ করতে হবে। এখন ট্রেড উইন্ডো খোলা রয়েছে। এমন পরিস্থিতিতে একাধিক দল অকশনের আগে ট্রেড উইন্ডো ব্যবহার করে খেলোয়াড় অদলবদল করছে। এখনও পর্যন্ত মোট আটজন খেলোয়াড়ের ট্রেড হয়েছে। এবার আরও একটি ডিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গুজরাত টাইটান্স দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার আশুতোষ শর্মার প্রতি আগ্রহ দেখিয়েছে।
খবর অনুযায়ী, গুজরাত টাইটান্স দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগাযোগ করেছে। গুজরাত বিস্ফোরক ব্যাটসম্যান আশুতোষ শর্মাকে নিতে চায়। তার বদলে তারা কোনও দ্রুতগতির বোলার দিতে প্রস্তুত। তবে কোনও প্রতিবেদনেই জানানো হয়নি যে, গুজরাত আশুতোষের বদলে কোন খেলোয়াড়কে দিল্লির হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে।
শোনা যাচ্ছে, গুজরাত টাইটান্সের অধিনায়ক খোদ শুভমন গিল কিছুদিন আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁরা আশুতোষকে নিতে চান বলে জানিয়েছেন। শুরুতে দিল্লি এ নিয়ে সাড়া দেয়নি, কিন্তু এখন ফ্র্যাঞ্চাইজিতে নতুন ম্যানেজমেন্ট এবং নতুন কোচ আসার পর এই প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। শোনা যাচ্ছে, আশুতোষ শর্মার জন্য গুজরাত টাইটান্স স্পিডস্টার অশোক শর্মাকে দিতে পারে। গুজরাত একজন ফিনিশারের খোঁজে রয়েছে। অন্য একটি রিপোর্টে জানানো হয়েছে, তারা অন্য দল থেকেও ফিনিশার আনার কথা বলছে। তবে দলের নাম বা অন্য কোনও খেলোয়াড়ের নাম এখনও সামনে আসেনি।
আরও পড়ুন: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
এ পর্যন্ত হওয়া ট্রেড ডিলের তালিকা
ঋষভ পন্থ – লখনউ সুপার জায়ান্টস থেকে দিল্লি ক্যাপিটালস – ১৫ কোটি
কুলদীপ যাদব – দিল্লি ক্যাপিটালস থেকে লখনউ সুপার জায়ান্টস – ১৩.৫০ কোটি
টি নটরাজন – দিল্লি ক্যাপিটালস থেকে সানরাইজার্স হায়দরাবাদ – ৫ কোটি
জিশান আনসারি – সানরাইজার্স হায়দরাবাদ থেকে দিল্লি ক্যাপিটালস – ৪০ লাখ
লিয়াম লিভিংস্টোন – সানরাইজার্স হায়দরাবাদ থেকে চেন্নাই সুপার কিংস – ৬ কোটি
খলিল আমেদ – চেন্নাই সুপার কিংস থেকে সানরাইজার্স হায়দরাবাদ – ৪.৮ কোটি
জ্যাক এডওয়ার্ডস – সানরাইজার্স হায়দরাবাদ থেকে চেন্নাই সুপার কিংস – ৩ কোটি
নাথান এলিস – চেন্নাই সুপার কিংস থেকে সানরাইজার্স হায়দরাবাদ – ২ কোটি