Last Updated:
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নাকচ করল বাংলাদেশ সরকার। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবি জানালেন তারেক রহমান সরকারের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ঢাকা: শেখ হাসিনাকে পাসপোর্ট ও এনআইডি বা জাতীয় পরিচয়পত্র দেবে না বাংলাদেশ, স্পষ্ট জানাল তারেক রহমানের সরকার। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল তারেক রহমানের সরকার। সোমবার এই কথা জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর দাবি, বাংলাদেশের আইন ও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে হাসিনাকে।
এই প্রসঙ্গে বিদেশ প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ কোনও সন্ত্রাসবাদীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ঢাকা-দিল্লি সম্পর্ক এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে।
প্রসঙ্গত, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার আগেই ঢাকার সঙ্গে যোগাযোগ করে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন তিনি বলে খবর। সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদন অনুযায়ী, সোমবার হাসিনার এক আইনজীবী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে চিঠি পাঠিয়ে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন জানিয়েছেন।
‘পাসপোর্টের আবেদন হাস্যকর’, বলে মন্তব্য করেন বিদেশ প্রতিমন্ত্রী।
হাসিনার পাসপোর্টের আবেদনের খবর প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের সরকার। হুমায়ুন কবির বলেন, “হাসিনার পাসপোর্টের আবেদন হাস্যকর। তিনি পালিয়ে গিয়েছেন। এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনও সুযোগ নেই। তিনি যদি দেশে ফিরতে চান, তবে তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।”
বিদেশ প্রতিমন্ত্রীর বক্তব্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই হাসিনা চাইলে ভারত সরকারকে ওই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ করতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করতে হবে তাঁকে। বাংলাদেশের তরফে ইতিমধ্যেই ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তার পর থেকেই তিনি ভারতে রয়েছেন। এরপরেই আজ অর্থাৎ ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই আবেদন করেন তিনি। তাঁর আইনি পরামর্শদাতার মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনে আবেদন জমা পড়েছে বলে খবর। আগামী মাসে বাংলাদেশে সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছিল। কিন্তু, তারেক সরকারের বিদেশ প্রতিমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।
