Last Updated:
Birbhum News: রামপুরহাট থেকে বাঁকুড়া যাওয়ার পথে দুবরাজপুরে নিয়ন্ত্রণ হারাল লরি। মদের দোকান ও ইলেকট্রিক খুঁটি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি। অল্পের জন্য প্রাণহানি এড়ালেও প্রশ্ন উঠছে জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে।
দুবরাজপুর, বীরভূম: গভীর রাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুবরাজপুর। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই লরি রাস্তার ধারের একটি মদের দোকানে সজোরে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার অন্তর্গত পোদ্দারবাঁধ মোড়ের কাছে রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে, বুধবার রাতে পাথর বোঝাই লরিটি রামপুরহাট থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। গভীর রাতে পোদ্দারবাঁধ মোড় এলাকায় পৌঁছলে লরিটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মদের দোকানে ঢুকে পড়ে। লরির ধাক্কায় মদের দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি রাস্তার ধারের একটি ইলেকট্রিক খুঁটি ও একটি টেলিফোনের খুঁটি ভেঙে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ এবং বিদ্যুৎ দফতরের কর্মীরা। ভেঙে যাওয়া খুঁটি ও বিদ্যুৎ সংযোগ মেরামতির কাজ শুরু হয়। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেন। পুলিশ ঘাতক লরিটিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। পীযূষ পাণ্ডে মেনে নিয়েছেন, ‘রাস্তার অবস্থা খারাপ রয়েছে। ভোটপ্রক্রিয়া চলার কারণে মেরামতি করা সম্ভব হয়নি। তবে বাইপাস তাড়াতাড়ি।’
Birbhum,West Bengal
Apr 30, 2026 11:22 AM IST
Birbhum News: দুবরাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মদের দোকানে ঢুকল পাথর বোঝাই লরি, অল্পের জন্য রক্ষা পেলেন চালক-খালাসি
