Last Updated:
America-Iran War: কাতার প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের প্যাট্রিয়ট আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সহায়তা পাবে, অন্যদিকে ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহী অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম পাবে।
ওয়াশিংটনঃ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ‘বন্ধু’ দেশগুলোর কাছে ৮.৬ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। এই সিদ্ধান্তে অন্তর্ভুক্ত রয়েছে ইজরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহী, যা অঞ্চলটিতে ওয়াশিংটনের ক্রমবর্ধমান কৌশলগত সম্পৃক্ততার স্পষ্ট ইঙ্গিত বহন করে।
মার্কিন বিদেশ দফতরের ঘোষণায় বলা হয়েছে, এই অনুমোদন এমন এক সময়ে এসেছে যখন ইরান এবং তার আঞ্চলিক প্রতিপক্ষদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, যদিও সম্প্রতি তারা সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করেছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই সামরিক প্যাকেজে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং সহায়ক পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে কাতার প্রায় ৪ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং নির্ভুল অস্ত্র ব্যবস্থা পাবে। অন্যদিকে, কুয়েত প্রায় ২.৫ বিলিয়ন ডলারের একটি সমন্বিত যুদ্ধ কমান্ড সিস্টেম পেতে চলেছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিদেশ মন্ত্রক এই চুক্তিগুলো দ্রুত কার্যকর করতে জরুরি ক্ষমতা ব্যবহার করেছে। মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, অঞ্চলের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন। এই পদক্ষেপ এমন এক প্রেক্ষাপটে এসেছে যখন যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত ইতিমধ্যেই মার্কিন অস্ত্রের মজুদের ওপর চাপ সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যের চাহিদা মেটাতে ইউরোপীয় মিত্রদের জন্য নির্ধারিত কিছু সরঞ্জাম সরবরাহ বিলম্বিত হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, এই নতুন অস্ত্র প্যাকেজ মূলত ইরানের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ‘মিত্র’ দেশগুলোর প্রতিরোধ ক্ষমতা জোরদার করার বৃহত্তর কৌশলের অংশ। একইসঙ্গে এটি পশ্চিম এশিয়ায় সামরিক ভারসাম্য রক্ষার পাশাপাশি দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে আমেরিকার প্রতিশ্রুতির রক্ষার প্রতিফলনও বটে।
Kolkata,West Bengal
