Last Updated:
ISKCON Chandan Yatra Festival: বৈশাখের তীব্র দহনে স্বস্তির সন্ধানে করা হয় চন্দনযাত্রা পার্বণ। প্রতি বছরের প্রাচীন রীতি পালন করে মায়াপুরে শুরু হল ২১ দিন ব্যাপী চন্দনযাত্রা অনুষ্ঠান।
মায়াপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: তীব্র দাবদাহের মাঝেই শান্তির বার্তা, ইসকন মায়াপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু ২১ দিনের ‘চন্দন যাত্রা মহা মহোৎসব’। বৈশাখী গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝে মানুষের মনে শান্তি ও স্বস্তি এনে দিতে শ্রীধাম মায়াপুরে শুরু হল ঐতিহ্যবাহী ‘চন্দনযাত্রা মহা মহোৎসব’। ইসকনের সদর দফতর মায়াপুর-সহ বিশ্বব্যাপী ইসকনের সমস্ত শাখা কেন্দ্রে মহাসমারোহে পালিত হচ্ছে ২১ দিনব্যাপী পুণ্য এই উৎসব। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ৫০০ বছরের পুরনো ইতিহাস।
গ্রীষ্মের এই প্রখর তাপে ভগবানকে সুশীতল রাখতে এবং তাঁকে আনন্দ প্রদান করতেই ভক্তরা ভগবানের সর্বাঙ্গে সুগন্ধি চন্দন লেপন করেন। এই চন্দন লেপনের প্রথা থেকেই উৎসবের নাম হয়েছে ‘চন্দন যাত্রা’। ইসকন কর্তৃপক্ষের মতে, বিশ্বের এই উষ্ণতা ও দাবদাহের মধ্যে সকলের মনে আধ্যাত্মিক শান্তি, স্বস্তি ও আনন্দ এনে দেওয়াই এই উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য। ২১ দিন ধরে চলবে আনন্দমুখর এই মহোৎসব। যারা এখনও এই উৎসবে সামিল হতে পারেননি, তাঁদের সকলকে ইসকনের তরফ থেকে চন্দন যাত্রায় অংশগ্রহণের সাদর আমন্ত্রণ জানিয়েছেন ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস।
Nadia,West Bengal