Last Updated:
Kapil Sharma: কানাডায় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’কে ঘিরে ফের গুলিচালনার অভিযোগ সামনে এসেছে।
কলকাতা: কানাডায় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’কে ঘিরে ফের গুলিচালনার অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে, ক্যাফের পাশের একটি রেস্তরাঁয় গুলি চালানো হয়েছে, যার জেরে কপিল শর্মার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ভাইরাল পোস্টগুলির একটিতে, যা ‘Tyson Bishnoi Jora Sidhu’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার হয়েছে বলে দাবি, বলা হয়েছে যে কপিল শর্মা এবং ক্যাফের মালিক দু’জনেই প্রাণনাশের হুমকি পেয়েছেন। পোস্টে আরও দাবি করা হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফে শর্মাকে “লাইন মেনে চলতে” সতর্ক করা হয়েছে এবং ইঙ্গিত দেওয়া হয়েছে, তিনি তা না মানলে তাঁর ক্যাফেও একই পরিণতির শিকার হতে পারে।
ঘটনাটি নাকি সারে-তে ঘটেছে, যেখানে একটি ‘চায় সুট্টা বার’ আউটলেটের কাছে কপিল শর্মার ক্যাফে অবস্থিত বলে জানা যাচ্ছে। তবে এই সমস্ত দাবিই আপাতত সোশ্যাল মিডিয়া নির্ভর, স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সাল থেকেই এই ক্যাফেকে কেন্দ্র করে একাধিক গুলির ঘটনা সামনে এসেছে। গত ১০ জুলাই ২০২৫-এ ক্যাফে খোলার কিছুদিনের মধ্যেই প্রথমবার গুলি চালানো হয়। এরপর ৭ অগাস্ট আবার একই জায়গায় গুলি চালানো হয়। অক্টোবরের মাঝামাঝি (প্রায় ১৫-১৬ অক্টোবর) তৃতীয়বার হামলার ঘটনাও ঘটে, যেখানে অভিযুক্তদের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকার দাবি ওঠে।
এই ধারাবাহিক ঘটনাগুলি স্পষ্ট করে যে, ক্যাফেটিকে লক্ষ্য করে ভয় দেখানোর একটি প্রবণতা তৈরি হয়েছে এবং সাম্প্রতিক অভিযোগগুলি সেই ধারাবাহিকতারই অংশ হতে পারে। এর আগে নিজের ক্যাফেতে হামলার প্রসঙ্গে মুখ খুলেছিলেন কপিল শর্মা। তাঁর কথায়, “ওখানকার নিয়মকানুন এবং পুলিশের ক্ষমতা হয়তো এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণে যথেষ্ট নয়।” তিনি এই মন্তব্য করেন তাঁর ছবি কিস কিস কো পেয়ার করু ২-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে।
এদিকে, গ্যাংয়ের তরফে দাবি করা হয়েছে, কপিল শর্মা তাঁর শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিশ শো-এর লঞ্চে সলমান খান-কে আমন্ত্রণ জানানোর পরই তাঁরা ক্ষুব্ধ হন। গ্যাংয়ের এক সহযোগীর দাবি, “যারা সলমান খানের সঙ্গে কাজ করবে, তাদের ফল ভুগতে হবে।” প্রসঙ্গত, ১৯৯৮ সালের ব্ল্যাকবাক শিকার মামলাকে কেন্দ্র করে বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমান খানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে, এবং সেই সূত্রেই অভিনেতা ও তাঁর ঘনিষ্ঠদের একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
Kolkata,West Bengal
May 03, 2026 10:57 AM IST
