Last Updated:
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন ভোট গণনা পর্বকে কেন্দ্র করে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাইকিং-এর মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতা বার্তা প্রচার করা হচ্ছে।
তমলুক, সৈকত শী, পূর্ব মেদিনীপুর: জেলা জুড়ে গণনা পর্বে এবং গণনা পরবর্তী সময়ে অশান্তি এড়াতে তৎপর হয়েছে প্রশাসন। রাজ্যজুড়ে ২৯৩ টা আসনের ভোট গণনা শুরু হবে সোমবার সকাল আটটা থেকে। এবার ভোট পর্ব একেবারেই শান্তিতে মিটেছে। পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রে ২৩ এপ্রিল ভোটগ্রহণ হয় শান্তিপূর্ণভাবেই। ভোটের ফলাফল জানা যাবে ৪ তারিখ সোমবার। ভোট পর্বের মতোই গণনা পর্ব ও গণনা পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসা এবং অশান্তি তৎপর হয়েছে নির্বাচন কমিশন তথা জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন একাধিক উদ্যোগ নিল গণনা পর্বে এবং গণনা পরবর্তী সময়ে জেলা জুড়ে শান্তি বজায় রাখার জন্য।
গণনাকেন্দ্রের নির্দিষ্ট পরিধির মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। বিনা অনুমতিতে বা পরিচয়পত্র ছাড়া কাউকেই চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। গণনা-পরবর্তী অশান্তি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। বিগত নির্বাচনগুলিতে দেখা গিয়েছে ফল ঘোষণার পর অনেক সময় রাজনৈতিক বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। প্রশাসন এবার এই বিষয়ে অত্যন্ত কঠোর। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে ভোটের ফল ঘোষণার পর কোনরকম বিজয় মিছিল করা যাবে না। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রতিটি থানায় থেকে মাইক প্রচার শুরু করেছে।
পূর্ব মেদিনীপুর জেলার চারটি গণনা কেন্দ্রের পাশাপাশি থানাগুলির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রচার করা হচ্ছে গণনার পর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার। এ বিষয়ে জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, “ভোটের ফলাফলের পর কোনওরকম বিজয় মিছিল করা যাবে না। আতশবাজি ফাটান যাবে না। এমনকি ওড়ানো যাবে না ড্রোন। এলাকায় এলাকায় শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে সমস্ত কিছু বন্দোবস্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার জানান, “ভোট গণনা কেন্দ্রেগুলির পাশাপাশি প্রতিটি থানায় এলাকায় এই বিষয়ে শুরু হয়েছে মাইকিং।” সবমিলিয়ে ভোটের ফলাফলের পরও জেলায় শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে তৎপর হয়েছে প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের এই সক্রিয়তা সাধারণ মানুষকে অনেকটাই আশ্বস্ত করেছে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal