কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের সামনে খড়কুটোর মতো ভেসে গিয়েছে তৃণমূল। ‘ল্যান্ড স্লাইড’ জয় পেয়েছে বিজেপি। আর তারপরই সদ্য প্রাক্তন শাসকের বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করেছে তৃণমূল আমলে সরকারের কাছে থাকা একাধিক মানুষজন। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন তৃণমূল সরকারের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রাক্তন বিধায়ক মনোজ তিওয়ারি।
আরও পড়ুন: গাড়ির জানলায় বন্দুক ঠেকিয়ে গুলি, তারপর মৃত্যু নিশ্চিত করতে… চন্দ্রনাথ খুনে চাঞ্চল্যকর তথ্য
এককালে দেশের হয়ে মাঠ কাঁপানো ক্রিকেটার মনোজ বলছেন, “ভগবান যেটা করেন ভালোর জন্যই করেন। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে।” ২০২১ সালে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটের মনোজ তিওয়ারি। ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রীও করা হয়েছিল তাঁকে। আর এবারের নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি রাজ্যের শাসকদল। আর এবার হারতেই ক্ষোভ উগরে দিয়েছেন মনোজ।
এর আগেও এক সাক্ষাৎকারে মনোজ বলেছিলেন, “এসে যা দেখলাম, তাতে খুব দ্রুতই বুঝে গিয়েছিলাম আমাকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছিল।” এমনকি সেদিন উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলেছিলেন মনোজ। তিনি বলেন, “বিধায়ক হয়ে আমার বক্তব্য আমি আমার উচ্চ নেতৃত্বকে বা সচিবকে না জানাতে পারি, ৫ মিনিটও যদি সময় না পাই ওঁদের সঙ্গে কথা বলার, তাহলে উন্নয়ন হবে কী করে? ৫ বছর নষ্ট করলাম। বউ, বাচ্চা কাউকে সময় দিতে পারলাম না। তাহলে আমাকে টেনে নিয়ে এলেনই বা কেন? ব্যবহার করলেন কেন আমাকে? আমাকে খেলার মাঠেই থাকতে দিতেন।”
আর এদিন মেসির ঘটনা নিয়েও টলিগঞ্জ থেকে সদ্য পরাজিত তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসকে নিয়েও মুখ খুলেছেন তিনি। সুর ছড়িয়ে প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “ওর জন্যই কিন্তু মেসি ৫ মিনিট, ১০ মিনিট থেকে চলে গেল। মেসিকে দেখার জন্য মানুষের এত বড় সুযোগ হাতছাড়া করিয়ে দিল শুধুমাত্র অরূপ বিশ্বাস।”
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভায় ২৯৪ টি আসন রয়েছে। আর এর মধ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই ২০৭ বিধানসভা আসনে জয় পেয়েছে বিজেপি। ৮০ আসনে জয়ী হয়েছে তৃণমূল। ফলে সরকার গঠন করতে চলেছে বিজেপিই। যদিও একটি আসনে ভোট চুরির অভিযোগে নির্বাচন বাতিল হয়ে গিয়েছে। চলতি মে মাসের শেষে সেই ফলতা আসনে সংগঠিত হবে নির্বাচন।