Last Updated:
North Dinajpur News: মুহূর্তের অসাবধানতা কেড়ে নিল প্রাণ। রেললাইনে বসে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করার সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু।
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরঃ মুহূর্তের অসাবধানতা ডেকে আনল বড় বিপদ। রেললাইনে বসে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাঘনে ঘটনাটি ঘটেছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাঘনে ঘটনাটি ঘটে। বুধবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠানো হয়। মৃত যুবকের নাম ঈশ্বর মাহাতো, বয়স আনুমানিক ৩৫ বছর। কালিয়াগঞ্জের বাঘনেই তাঁর বাড়ি।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গরম লাগার কারণে মঙ্গলবার গভীর রাতে বাড়ির পাশে রেললাইনে গিয়ে বসেছিলেন ঈশ্বর মাহাতো। সেই সময় ট্রেন আসার কথা ছিল না। তবে লেটে চলা ডেমু ট্রেন চলে এলে ওই যুবক কাটা পড়েন।
এই বিষয়ে মৃতের ভাই বলেন, তাঁর দাদা দিনমজুরের কাজ করতেন। মঙ্গলবার রাতে পিকনিক করে বাড়ি ফিরে হাত-পা ধোয়ার জন্য বাইরে বেরিয়েছিলেন। তবে গরম লাগায় বাড়ির পাশের রেললাইনে বসে মোবাইল ঘাঁটছিলেন তিনি। এরপর হয়তো ওর ঘুম চলে আসে। তারপরেই ডেমু ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ওর মৃত্যু হয়।
এদিকে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেই সঙ্গেই মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
Uttar Dinajpur,West Bengal
North Dinajpur News: রেললাইনে বসে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটির খেসারত! ট্রেনের ধাক্কায় কালিয়াগঞ্জে যুবকের মৃত্যু, মুহূর্তের অসাবধানতা কাড়ল প্রাণ
