Last Updated:
Madhyamik Results : তমলুকের বাসিন্দা মেধাবী ছাত্র সুসার টুডু এবার মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকা স্থান পেয়েছে। তার আগামী দিনের লক্ষ্য ডাক্তার ইঞ্জিনিয়ার বা গবেষক হওয়া নয়। লক্ষ্য সিভিল সার্ভিস।
তমলুক, সৈকত শী : মাধ্যমিক ফলাফলে মেধা তালিকায় জয় জয়কার পূর্ব মেদিনীপুরের। পূর্ব মেদিনীপুর জেলা পাশের হারে দ্বিতীয়। আর মেধা তালিকায় জেলার বিভিন্ন স্কুলের ২২ জন ছাত্রছাত্রী রয়েছে। যার মধ্যে তমলুক হ্যামিল্টন স্কুল থেকেই পাঁচ জন।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের বাসিন্দা এক মেধাবী ছাত্র এবার মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকা স্থান পেয়েছে। তার আগামী দিনের লক্ষ্য ডাক্তার ইঞ্জিনিয়ার বা গবেষক হওয়া নয়। তার লক্ষ্য সিভিল সার্ভিস। ৮৪ দিনের মাথায় ফল প্রকাশ হল এবারের মাধ্যমিক পরীক্ষার। মাধ্যমিক পরীক্ষার এই ফলাফলে মেধা তালিকায় স্থান পেয়েছে হ্যামিলটন স্কুলের ছাত্র সুসার টুডু!
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের ৮ নম্বর ওয়ার্ডের সুসার টুডু। সুসারের প্রাপ্ত নম্বর ৬৯০। মাধ্যমিকের মেধাতালিকায় অষ্টম স্থানে রয়েছে সুসার। সুসার ক্লাস ওয়ান থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পর্যন্ত তমলুকের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পড়াশোনা করে। তারপর ক্লাস ফাইভ থেকে হ্যামিল্টন হাইস্কুলের ছাত্র। ছোটবেলা থেকে মেধাবী হলেও পড়াশোনার কোন বাঁধাধরা নিয়ম ছিল না।
সুসারের বাবা লক্ষ্মীরাম টুডু পেশায় রাজ্য পুলিশের কনস্টেবল। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ লাইনে কর্মরত। মা সীতাবলা টুডু, গৃহবধূ। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালবাসে। এর পাশাপাশি সিনেমা দেখা ও গান শোনার নেশা রয়েছে
সুসার জানিয়েছে, “পরীক্ষা ভাল হয়েছিল। ভাল ফলাফল আশা করেছিলাম। তবে র্যাংক করব আশা করিনি। ভাল নম্বরের আশা করেছিলাম। স্কুল শিক্ষকদের পাশাপাশি গৃহ শিক্ষক পাশে ছিল।” সুসারের বাবা বলেন, “কোনও নিয়মে বাঁধা পড়াশোনা ছিল না সুসারের, ওর মন হলে পড়াশোনা করত। পুলিশের কাজের জন্য আমি খুব বেশি সময় দিতে পারতাম না। পড়াশোনার বিষয়টা ওর মা খেয়াল রাখত। ছেলে এত ভাল ফল করায় খুশি আমরা সবাই।”
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার হেরিটেজ স্কুল তমলুক হ্যামিলটন হাই স্কুল। সেই স্কুলে ১৭৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠান চলছে। তমলুক হ্যামিলটন হাই স্কুলের ছাত্ররা প্রতিবারই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এ ভাল ফলাফল করে। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় তার অন্যথা হল না। এই স্কুলের পাঁচ মেধাবী ছাত্র এবার মেধা তালিকায় স্থান লাভ করেছে। ফলে স্কুল জুড়ে এখন খুশির হাওয়া।
Purba Medinipur,West Bengal