নয়াদিল্লি: পিতৃতন্ত্র গুঁড়িয়ে দেওয়ার ডাক তোলায় পাল্টা রাহুল গাঁধীকে সম্পূর্ণ ‘বন্দেমাতরম’ গানটি গাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা, তথা বিজেপি বিধায়ক বাঁসুরী স্বরাজ। সেই যুক্তি নিয়ে এবার প্রশ্ন তুললেন বলিউড তারকা হৃতিক রোশন। এমন যুক্তি খাড়া করা যায় কি না, তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। এমন চ্যালেঞ্জ ছোড়া হয়েছে জেনে বিস্মিত তিনি। (Hrithik Roshan on Bansuri Swaraj Remarks)
অগাস্ট মাসে পুণেতে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানের মঞ্চ থেকে পিতৃতন্ত্রের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাহুল। NEET আন্দোলনে শামিল হওয়া মেয়েদের যেভাবে বেছে বেছে নিশানা করা হয়, তার তীব্র প্রতিবাদ করেছিলেন। আক্রমণ করেছিলেন মনুবাদী মানসিকতাকে। রাহুলকে বলতে শোনা যায়, “মেয়েরা গালিগালাজ করায় স্তম্ভিত হলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ছেলেদের গালিগালাজে তাহলে আপত্তি নেই? পিতৃতন্ত্র এভাবেই দমন করে, ভয় দেখায়, নিয়ন্ত্রণ কায়েম করে। পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হতে হবে আমাদের। আমি একটা কথাই বলব, পিতৃতন্ত্রকে গুঁড়িয়ে দাও।” (Vande Mataram)
সেই নিয়ে রাহুলকে পাল্টা আক্রমণ করেন বাঁসুরী। তাঁর বক্তব্য ছিল, “পিতৃতন্ত্রকে গুঁড়িয়ে দিতে চাইলে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বন্দেমাতরমের ছ’টি স্তবক গেয়ে শোনান। আমি সম্পূর্ণ বন্দেমাতরম গান গাইতে পারি।” সেই সময়ই ওই মন্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়েন বাঁসুরী। কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছিল, “কী বলছেন তা বুঝতে পারছেন কি উনি? পিতৃতন্ত্র গুঁড়িয়ে দেওয়ার সঙ্গে বন্দেমাতরমের কী সম্পর্ক?”
এতদিন পর বাঁসুরীর ওই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন হৃতিকও। কংগ্রেস নেত্রী রুচিরা চতুর্বেদী বাঁসুরীর যে ভিডিও পোস্ট করেছিলেন, তাতে সম্প্রতি টিপ্পনি করেন হৃতিক। লেখেন, ‘হ্যাঁ? এটা কি সত্যিই! ওয়াও’। হৃতিকের ওই মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ১২ হাজারের বেশি মানুষ তাঁর ওই মন্তব্যে লাইক ঠুকেছেন। প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ফলে নতুন করে বাঁসুরীর ওই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
হৃতিকের মন্তব্যের জবাবে একজন লেখেন, ‘উনি পিতৃতন্ত্র এবং দেশপ্রেমকে গুলিয়ে ফেলেছেন’। অন্য আর একজন লেখেন, ‘দয়া করে ওঁকে কেউ বোঝান যে, নারীবাদ এবং জাতীয়তাবাদ সম্পূর্ণ পৃথক জিনিস’। তৃতীয় একজন বাঁসুরীকে বিদ্রুপ করে লেখেন, ‘আমি ভাল সঙ্গীতশিল্পী হতে চাই, যাতে পিৎজা অর্ডার করে খেতে পারি’। হৃতিকের মন্তব্যে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া জানাননি বাঁসুরী।
তবে হৃতিকের ওই মন্তব্য বিশেষ ভাবে নজর কেড়েছে সকলের। কারণ সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী মন্তব্য, সরকারের সমালোচনা থেকে নিজেদের সচেতন ভাবেই দূরে সরিয়ে রেখেছেন বলিউডের তাবড় তারকা। হৃতিক সেখানে ব্যতিক্রমী পদক্ষেপ করলেন।
আরও পড়ুন: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা