নয়াদিল্লি: আইপিএলের (IPL 2026) মাঝপথেই টুর্নামেন্টের স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা এবং আইন যাতে মানা হয়, সেই বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। খেলোয়াড়দের সঙ্গে আর যখন, তখন চাইলেই দেখা করা, কথা বলা যাবে না। আইপিএলের তারকাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে এবার কড়াকড়ি করা হচ্ছে বলেই জানান বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল (Rajeev Shukla)।
রাজীব রিপোর্টারদের জানান নতুন নিয়মের জেরে আর খেলোয়াড়দের সঙ্গে টিম হোটেল, বাস বা অন্যান্য গতিনির্দিষ্ট এলাকায় দেখা করার বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। টুর্নামেন্টের স্বচ্ছতা বজায় রাখা এবং খেলোয়াড়দের নিরাপত্তা আরও জোরদার করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাজীব শুক্ল।
তিনি বলেন, ‘বিসিসিআই নতুন নিয়মকানুন লাগু করতে চলেছে। খেলোয়াড়দের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। অযাজিত লোকজনকে না খেলোয়াড়দের সঙ্গে হোটেল, না টিম বাসে দেখা করতে দেওয়া হবে। এটি টুর্নামেন্টের স্বচ্ছতা বজায় রাখতে করা হচ্ছে।’ রাজীব শুক্লর আগেই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে ছিলেন সকল আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িকেই বোর্ডের তরফে কড়া নির্দেশিকা দেওয়া হবে। চলতি আইপিএলে একাধিকবার নিয়মকানুন লঙ্ঘন, দুর্নীতি দমন বিভাগের আইনবিধি অবমাননার ঘটনা সামনে এসেছে। খেলোয়াড়, দলের আধিকারিকরাও এর সঙ্গে জড়িত, যেখানে একাধিক অপরিচিত ব্যক্তিদের দলের সদস্যদের হাঁটাচলা করতে, টিম হোটেলে ঢুকতে, এমনকী খেলোয়াড়দের সাজঘরে ঘরে ঢুকতেও বিসিসিআই লক্ষ্য করেছে।
একটি প্রতিবেদন অনুযায়ী, খেলোয়াড়দের পার্টনারদের কারণে দলে কতটা প্রভাব পড়ছে, তা নিয়ে উদ্বিগ্ন বোর্ড। গত কয়েক বছরে কিছু ক্রিকেটারের সম্পর্ক তাঁদের জন্য বড় বিতর্কের কারণও হয়েছে। কিছু ক্ষেত্রে মহিলা পার্টনার ক্রিকেটারদের সঙ্গে অশান্তি হলে পুলিশে অভিযোগ পর্যন্ত করেছেন, যা খেলোয়াড়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং বিসিসিআইয়ের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, যদি এই ‘গার্লফ্রেন্ড কালচার’ এখনই বন্ধ করা না হয়, তাহলে ভবিষ্যতে বড় বিতর্ক দেখা দিতে পারে। এমন উদাহরণও দেখা গিয়েছে যে, টিম বাস কোনও খেলোয়াড়ের পার্টনারের জন্য অপেক্ষা করছে। এই পার্টনারদের টিম হোটেলে থাকার খবরও রয়েছে।
শোনা যাচ্ছে, বোর্ডের দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা কিছু খেলোয়াড়কে বান্ধবীর সঙ্গে থাকার অনুমতি দিয়েছেন, কারণ তাঁদের সম্পর্ক সবার কাছে পরিচিত এবং কারও কাছে গোপন নয়। বিসিসিআইয়ের এই উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, তাঁরা এই ‘অফিসিয়াল গার্লফ্রেন্ড’ নিয়মের বিষয়ে অবগত নন এবং বোর্ডের নীতিতে এমন কোনও নিয়ম নেই। খেলোয়াড়দের বিশেষ পরিস্থিতিতেই স্ত্রী বা পরিবারের সদস্যদের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হবে।