ভারতীয় ক্রিকেটে ফের গড়াপেটার কালো ছায়া এবং তাঁর সঙ্গে জড়িয়ে সিএসকের নাম। Tehelka-র রিপোর্ট অনুযায়ী, অতীতে নাগল্যান্ডের হয়ে রঞ্জি খেলা রচিত ভাটিয়া নামক এক ক্রিকেটার একটি স্টিং অপারেশনে ম্যাচ গড়াপেটার কথা জানান।

ভাটিয়ার দাবি অনুযায়ী তিনি ২০২৫ সালে সিএসকের হয়ে খেলা এক ক্রিকেটারের মাধ্যমে আগেভাগে দলের একাদশের তথ্য জেনে নিয়ে যুক্তরাষ্ট্রের এক বুকিকে জানাতেন এবং তার বিনিময়ে তিনি ম্যাচ প্রতি ৬০ লক্ষ টাকা করেও পেতেন। কারুর নাম নিলেও ভাটিয়ার দাবি সেই ক্রিকেটার ২৩ বছর বয়সি এবং দিল্লির হয়ে রঞ্জি খেলেন। যার জেরেই গোটা ঘটনায় বংশ বেদী নামক এক তরুণ ক্রিকেটারের নাম জড়ায়।

ভাটিয়ার আরও দাবি ছিল সেই ক্রিকেটার ২০২৫ সালে খেললেও, চোটের কারণে ২০২৬ সালে আইপিএলে খেলতে পারেননি। বংশও কিন্তু এবারের আইপিএল খেলেননি। তারপরেই দুইয়ে দুইয়ে চার করে বংশের নাম নিয়ে জল্পনা আরও জোরাল হয়।

ভাটিয়া দাবি করেন সেই ক্রিকেটার দিল্লি প্রিমিয়ার লিগে খেলেন এবং সেখানেও তিনি গড়াপেটা করেছেন। এমনকী তাঁর দাবি ছিল তিনি বললে সেই ক্রিকেটার রান আউট হওয়া থেকে মন্থর গতিতে খেলা, সবই করবে। এরপরেই তদন্ত করে দেখা যায় ডিপিএল নিয়ে তাঁর করা কিছু দাবি দাওয়া ম্যাচের গতিবিধির সঙ্গে মিলে যাচ্ছে।

এরপরেই বংশের বিষয়ে জল্পনা আরও জোরাল হয়।

উপরন্তু, দিল্লি ক্রিকেট সংস্থার তরফে আজ জানানো হয় যে বেদী পড়শি রাজ্যের এক ক্রিকেটারের থেকে দিল্লি প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন।

সব মিলিয়ে দিল্লির হয়ে রঞ্জি খেলা বংশ বেদীকে ঘিরে জল্পনা ক্রমশই ঘনীভূত হয়।

তবে এইসব জল্পনার মাঝেই বংশ বেদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন যে ভাটিয়া যে ক্রিকেটারের কথা বলেছেন সেটা তিনি নন।

উপরন্তু, এই ঘটনায় তাঁর নাম জড়ালে তাঁর তরফে আইনি নোটিসও পাঠানোর হুঁশিয়ারিও দেওয়া হয়। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট ফের একবার গড়াপেটায় জেরবার।
Published at : 22 Sep 2026 10:51 PM (IST)