Last Updated:
South 24 Parganas News: গরম বাড়তেই মাটির জিনিসপত্রের চাহিদা আকাশ ছুঁল। মাটির কুঁজো, বোতলের পাশাপাশি চাহিদা বেড়েছে মাটির থালা, গ্লাসেরও। শহরের হোটেল-রেস্তরাঁ, বিয়েবাড়ির জন্য নিয়ে যাওয়া হচ্ছে মাটির পাত্র।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: প্রবল গরমে অতিষ্ঠ সাধারণ মানুষজন। এরমধ্যে বাড়ল মাটির জিনিসপত্রের চাহিদা। এই অসময়ে হঠাৎ করে মাটির জিনিসপত্রের চাহিদা বাড়ায় খুশি হাওয়া বইছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরের পালপাড়ায়। মাটির কলসি, গ্লাস-সহ আরও অন্যান্য উপকরণের বিক্রি বেড়েছে অনেকটাই।
এ নিয়ে প্রবীণ মৃৎশিল্পী গোপাল পাল জানান, মাটির বাসন থেকে দেবদেবীর মূর্তি সবকিছু তৈরি করেন তাঁরা। তবে গরম পড়তে মাটির কুঁজো আর বোতলের ব্যাপক চাহিদা। চাহিদা বেড়েছে মাটির থালা, গ্লাসেরও। শহরের হোটেল-রেস্তরাঁ, বিয়েবাড়ির জন্য নিয়ে যাওয়া হচ্ছে মাটির পাত্র।
সৌখিন সামগ্রী হিসেবে জায়গা করে নিচ্ছে মাটির তৈরি সামগ্রী। শুধু ব্যবহারেই নয়, ডিজাইনেও প্লাস্টিককে টেক্কা দিচ্ছে এই সব মাটির জিনিস। রঙিন নকশা, আধুনিক আকার আর পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের কারণে ক্রেতাদের নজর কাড়ছে। মাটির তৈরি জলের বোতল, গ্লাস, মগ, থালা, বাটি থেকে শুরু করে বালতি কী চাই আপনার। এক কথায়, সংসার সাজাতে যা যা দরকার, সবই রয়েছে মাটির সামগ্রীর সম্ভারে।
গরম বাড়তে থাকায় বিগত কয়েকবছর ধরেই মাটির বোতল, গ্লাস, থালার চাহিদা বাড়ছিল। এ নিয়ে মৃৎশিল্পীরা জানিয়েছেন, বছরখানেক ধরে মাটির বোতলের ব্যাপক চাহিদা। ২০ টাকা থেকে শুরু করে ৯০ টাকা দরে এখান থেকে জিনিসপত্র নিয়ে যান ব্যবসায়ীরা। শহরে সেগুলি দ্বিগুণ, তিনগুণ দামে বিক্রি হয়। সম্প্রতি মাটির থালা-গ্লাসেরও ভাল চাহিদা বেড়েছে। এই অবস্থা বজায় থাকলে লাভবান হবেন তাঁরা।
South Twenty Four Parganas,West Bengal
Clay Items: প্রচণ্ড গরমে স্বস্তি পেতে ভরসা মাটির পাত্র, রেস্তোরাঁ থেকে বিয়েবাড়ি সর্বত্র চাহিদা তুঙ্গে, লাভের মুখে পালপাড়ার কুমোররা