Last Updated:
Nadia News: আপৎকালীন অবস্থায় দমকল কর্মীদের কাজও এবার করবেন স্বাস্থ্য কর্মীরা! হাসপাতালে নয়া উদ্যোগ। হাসপাতালের আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও সঠিক পদক্ষেপ নিতে হয় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অগ্নি নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে দমকল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ ফায়ার সেফটি ক্যাম্প। হাসপাতালের কর্তব্যরত নার্স, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য কর্মচারীদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও সঠিক পদক্ষেপ নিতে হয়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
দমকল বিভাগের আধিকারিকরা এদিন উপস্থিত কর্মীদের আগুন লাগার বিভিন্ন সম্ভাব্য কারণ, অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের উপায় এবং অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে বোঝান। পাশাপাশি বাস্তব পরিস্থিতির অনুকরণে আগুন নেভানোর মহড়াও করানো হয়। প্রশিক্ষকরা জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই আগাম সচেতনতা ও প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।
দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং হাসপাতালের কর্মীদের আরও দক্ষ করে তুলতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে হাসপাতালের কর্মীরা জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করবেন বলেও আশাবাদী আধিকারিকরা।
অন্যদিকে, প্রশিক্ষণে অংশ নেওয়া নার্স ও কর্মীরা জানান, আগে আগুন লাগার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা কাজ করত। তবে এই ক্যাম্পে হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়ার পর তারা অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। ভবিষ্যতে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন বলেও মত তাদের।
Nadia,West Bengal
Nadia News: হাসপাতালে আগুন লাগলে আর ভয় নেই, স্বাস্থ্যকর্মীদের হাতেকলমে ট্রেনিং দিল দমকল বাহিনী! স্বস্তি পেলেন হাজার হাজার রোগী