Last Updated:
Nadia News: বাম আমলে চালু হওয়া নবদ্বীপের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আজ ভুতুড়ে হাসপাতালে পরিণত হয়েছে। দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে চিকিৎসকদের আসতে অনীহা। ৩৫ বছর ধরে অবহেলায় পড়ে থাকা স্বাস্থ্যকেন্দ্র পুনরায় চালুর দাবি।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার নবদ্বীপ থানার ফকিরডাঙা ঘোলা পাড়া এলাকায় প্রায় ৩৫ বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র (Health Center)। একসময় এলাকার সাধারণ মানুষের চিকিৎসার ভরসা হিসেবে গড়ে তোলা হলেও বর্তমানে সেটি যেন পরিণত হয়েছে এক ভূতুড়ে পরিত্যক্ত ভবনে। নেই কোনও চিকিৎসক, নেই কোনও স্বাস্থ্যকর্মী, এমনকি কোনও রোগীরও দেখা মেলে না সেখানে। অবহেলা আর অযত্নে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো।
স্থানীয় সূত্রে জানা যায়, বাম আমলে প্রত্যন্ত এই গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা ভেবেই স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করা হয়েছিল। কিন্তু এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় শুরু থেকেই চিকিৎসকদের এখানে নিয়মিত আসতে অনীহা ছিল। প্রথম দিকে দু-একজন চিকিৎসক এলেও পরে তাঁরাও আসা বন্ধ করে দেন। এরপর থেকেই কার্যত তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন সরকার গঠনের পর প্রশাসনের উচিত দ্রুত এই স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া। চিকিৎসক ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা চালু হলে প্রত্যন্ত এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলেই আশা গ্রামবাসীদের। যদিও এ বিষয়ে বর্তমান বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী জানান, নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি শুনেছিলেন, বিষয়টি তিনি তদারকি করে দেখবেন। আশা করি খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।
Nadia,West Bengal
May 14, 2026 12:46 PM IST
Nadia News: বাম আমলে তৈরি হাসপাতাল আজ ভূতুড়ে বাড়ি! ৩৫ বছর ধরে অবহেলায় পড়ে নবদ্বীপের স্বাস্থ্যকেন্দ্র, পুনরায় পরিষেবা চালুর দাবি