Last Updated:
Birbhum News: দোকানে কোনও মানুষ নেই, নেই কোনও ক্যামেরা। কেবল বিশ্বাসের জোরে বীরভূমের মল্লারপুর স্টেশনে সংবাদপত্র বিক্রি করছেন রাজু লেট। মানুষ নিজের হাতে কাগজ নিচ্ছেন আর দাম দিচ্ছেন। এক অদ্ভুত সততার সাক্ষী থাকছে এই এলাকা।
বীরভূম, সৌভিক রায়: বিশ্বাসের উপর ভরসা করে চলছে ব্যবসা। ক্রেতা রয়েছে ক্রেতারা জিনিস কিনছেন তবে নেই কোনও বিক্রেতা। কী এই কথাটা শুনে অবাক হচ্ছেন! তবে জেনে নিন আসল গল্প। এবার ‘পেপার এটিএম চালু’ করে দৃষ্টান্ত স্থাপন করেছে মল্লারপুরের রাজু। মানুষের উপর যে এখনও তাঁর অগাধ বিশ্বাস, প্রতিদিন তার পরীক্ষা দিয়ে চলেছে বীরভূম জেলার মল্লারপুর এলাকার বাসিন্দা রাজু লেট। আদতে রাজু এক সংবাদপত্রের হকার। প্রতিদিন সকালে উঠে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেওয়া তাঁর পেশা। গত ১০ থেকে ১২ বছর এভাবেই সংসার চালান।
সেই রাজু মল্লারপুর রেল স্টেশনের ওভার ব্রিজের নীচে বিভিন্ন ধরনের সংবাদপত্র বেঞ্চিতে লাগিয়ে সাইকেল নিয়ে বেড়িয়ে পরেন। স্টেশনে আসা সংবাদপত্রের পাঠকরা ওভার ব্রিজের গ্রিলের ফাঁক দিয়েই নিজের পছন্দের কাগজ নিয়ে পাশেই একটি নির্দিষ্ট জায়গায় কাগজের নির্দিষ্ট দাম রেখে চলে যান। কোনও পাহারাদার নেই। কোনও সিসিটিভি ক্যামেরা নেই। শুধু বিশ্বাসের উপর ভরসা করে মল্লারপুর স্টেশনে এই ‘পেপার এটিএম’ চলছে গত কয়েক বছর ধরে।
মূলত উন্নত দেশে বিমানবন্দর থেকে শহরের ভিতর মানবহীন যন্ত্র নির্ভর ব্যবসা চলে। যা প্রচলিত ‘এআই নির্ভর শোরুম’ হিসাবে। সেখানে এটিএম কার্ড সোয়াইপ করে দোকানে ঢুকলেই প্রতিটি খরিদ্দারের জন্য কয়েকটি সিসি ক্যামেরা তাঁর উপর নির্দিষ্ট হয়ে যায়। খরিদ্দার নিজের পছন্দের জিনিস কিনে বাইরে বের হলেই যন্ত্র তাঁর মোবাইলে পাঠিয়ে দেয় তার মূল্য কত। কিন্তু বাংলায় কোনও নজরদারি ছাড়া সংবাদপত্র নিজের বিশ্বাসে টেবিলে সাজিয়ে চলে যাচ্ছেন এক হকার। নির্দ্ধিধায় সেখান থেকে দেদার বিক্রি হচ্ছে সংবাদপত্র।
পেপার এটিএমের উদ্ভাবক রাজু লেট জানান, “যাঁরা শিক্ষিত বিশেষ করে তাঁরা পেপার পড়েন। যাঁরা শিক্ষিত তাঁরা কখন মানুষকে ঠকান না। আমি মানুষকে বিশ্বাস করি। তাঁরা আমায় ভালবাসেন। বহু বছর থেকে এলাকার বাসিন্দারা আমাকে চেনেন। এমনও অনেকদিন গিয়েছে খুচরো নেই, এক সপ্তাহ কাগজের দাম দিতে পারেনি তারা একসঙ্গে রেখে গিয়েছে। আবার অনেক সময় আমাকে ভালবেসে ডবল টাকা দিয়ে গিয়েছেন। আমার লক্ষ্য মানুষ কাগজ পড়ুক। পাঠক বাড়লে আমরা বাঁচব”। সব মিলিয়ে রাজুর এই মানুষের প্রতি বিশ্বাসকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার মানুষজন।
Birbhum,West Bengal
May 13, 2026 12:32 PM IST
Birbhum News: সততার সেরা নজির! বিক্রেতা, সিসিটিভি ছাড়াই চলছে দোকান, বীরভূমে বিশ্বাসের জয়গান গাইছেন হকার রাজু