Last Updated:
West Bardhaman News: ইসিএলের কয়লা খনিতে ব্লাস্টিংয়ের জেরে এমনই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্লাস্টিংয়ের সময় খনি থেকে ছিটকে আসা বড় বড় পাথরের ঘায়ে আশপাশের ঘরগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণের ঝুঁকির আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা।
অন্ডাল, পশ্চিম বর্ধমান: যেন আকাশ ভেঙে হচ্ছে পাথরের বৃষ্টি। অন্ডালের সিদুলি প্যাঁচে ইসিএলের কয়লা খনিতে ব্লাস্টিংয়ের জেরে এমনই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্লাস্টিংয়ের সময় খনি থেকে ছিটকে আসা বড় বড় পাথরের ঘায়ে আশপাশের ঘরগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর, প্রাণের ঝুঁকির আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা।
যে কারণে খনির কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে ফেটে পড়েছিলেন কয়েকশো গ্রামবাসী। স্থানীয় বাসিন্দাদের দাবি, লোকালয় থেকে খনির দূরত্ব মেরেকেটে ১০০ মিটার। তাঁদের অভিযোগ, খনিতে তীব্র মাত্রার এই বিস্ফোরণ ঘটানো হচ্ছে। স্থানীয় বাসিন্দা অমরেশ ওঝার কথায়, “প্রতিদিন ব্লাস্টিংয়ের সময় আমরা বাড়ির ভেতর সিঁটিয়ে থাকি।
এলাকার মানুষজনের কথায়, পাথর যেভাবে উড়ে এসে ছাদে পড়ছে, তাতে যেকোনও মুহূর্তে ছাদ ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। উড়ন্ত পাথরের আঘাতে বহু বাড়ির টালির চাল যেমন ভেঙেছে, তেমনই কংক্রিটের ছাদেও তৈরি হয়েছে গভীর ক্ষত। এই কারণে ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।
তাঁদের স্পষ্ট দাবি, জনবসতি এলাকায় এই ধরণের বিপজ্জনক ব্লাস্টিং অবিলম্বে বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলি দ্রুত মেরামতির ব্যবস্থা করতে হবে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়। তবে স্থানীয়দের সাফ কথা, কয়লা উত্তোলনের সময় আশপাশের মানুষজনের কথা ভাবতে হবে ইসিএল কর্তৃপক্ষকে।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: আকাশ থেকে আছড়ে পড়ছে বড় বড় পাথর, ভয়ে সিঁটিয়ে থাকতে হল ঘরে! প্রাণ হাতে নিয়ে দিন কাটছে গ্রামবাসীদের
