Last Updated:
NEET প্রশ্নফাঁস বিতর্কের মাঝেই এবার অধ্যাপক ও এক ছাত্রীর ফোনালাপ ঘিরে তীব্র চাঞ্চল্য৷ প্রকাশ্যে এসেছে লখনউ বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপক ও এক ছাত্রীর ফোনালাপের অডিও৷
লখনউ: NEET প্রশ্নফাঁস বিতর্কের মাঝেই এবার অধ্যাপক ও এক ছাত্রীর ফোনালাপ ঘিরে তীব্র চাঞ্চল্য৷ প্রকাশ্যে এসেছে লখনউ বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপক ও এক ছাত্রীর ফোনালাপের অডিও৷ বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া ওই অডিও রেকর্ডিংয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্রীকে হেনস্থার ইঙ্গিত মিলেছে বলে অভিযোগ৷
অভিযোগ ওই অধ্যাপককে ফোনালাপে বলতে শোনা যায়, ‘‘ডার্লিং, তোমার জন্য আমি দু’টো পেপার জোগাড় করেছি। তুমি কবে এসে আমার সঙ্গে দেখা করবে?’’
কথোপকথনের অন্য একটি অংশে ছাত্রীটি অধ্যাপককে জানায়, “স্যার, আমি পড়াশোনা করে পুরো সিলেবাস শেষ করেছি,” অর্থাৎ ছাত্রীর প্রশ্নপত্রের প্রয়োজন ছিল না। তখন অভিযুক্ত অধ্যাপক নাকি বলেন, “তাহলে তুমি একবারও আমার সঙ্গে দেখা করতে আসবে না?” পরে তিনি আরও বলেন, “চেষ্টা কোরও না, পরীক্ষার আগে সাত দিনের মধ্যে চলে এসো।”
অভিযুক্ত ব্যক্তি হলেন লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পরমজিৎ সিং। অভিযোগ, তিনি বিএসসি পড়ুয়া এক ছাত্রীকে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে দেখা করার জন্য চাপ দিচ্ছিলেন।
ফোন কলটি শেষ হওয়ার পর ওই ছাত্রীকে বলতে শোনা যায়, অধ্যাপক বারবার ফোন করছেন যাতে তিনি তাকে হেনস্থা করতে পারেন। পরে ছাত্রীটি সমস্ত অডিও রেকর্ডিং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় একটি বিশেষ কমিটি গঠন করেছে। অভিযোগের মধ্যে যৌন হেনস্থা এবং প্রশ্নপত্র ফাঁস দুই বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।
দেশজুড়ে NEET UG ২০২৬ প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে যখন সিবিআই তদন্ত চলছে, সেই সময় এই ঘটনাও নতুন করে প্রশ্নের মুখে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা৷ পুলিশ ইতিমধ্যেই পরমজিৎ সিংকে আটক করেছে। তবে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের “অভ্যন্তরীণ রাজনীতির (ইন্টারন্যাল পলিটিকস্)” কারণে তাকে ফাঁসানো হচ্ছে৷
এদিকে, ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সদস্যরা। সংগঠনের লখনউ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জয় শ্রীবাস্তব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ এবং উত্তরপ্রদেশ সরকারের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে এমন কোনও কাজ বরদাস্ত করা হবে না। উপাচার্য জেপি সাইনি অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত অধ্যাপক, ওই ছাত্রী এবং আরও কয়েকজন ছাত্রছাত্রীর বয়ান ইতিমধ্যেই প্রক্টর অফিসে নথিবদ্ধ করা হয়েছে৷
Kolkata,West Bengal
