Last Updated:
Bangla News: দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে মৃ*ত্যু হল ওই কলেজ পড়ুয়ার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়া জুড়ে। তদন্ত শুরু করেছে পুলিশ।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: গরমের রাতে বন্ধুদের সঙ্গে পুকুরপাড়ে আড্ডা দিতে গিয়েছিল ২১ বছরের কলেজ ছাত্র শাহিদ মিদ্দা। পরিবারের দাবি, আর পাঁচটা দিনের মতোই শনিবার রাতেও বাড়ির কাছের মুলটি গ্রামের শাহপুকুর দিঘির পাড়ে বসেছিল সে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামল রক্তাক্ত বিভীষিকায়। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল ওই কলেজ পড়ুয়ার।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়া জুড়ে। মৃত শাহিদ মিদ্দা কাটোয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, পড়াশোনা ও চাকরির প্রস্তুতি নিয়েই ব্যস্ত থাকত শাহিদ। কোনও রাজনৈতিক দল বা ঝামেলার সঙ্গে তার যোগ ছিল না বলেও দাবি পরিবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ দুই বন্ধুর সঙ্গে পুকুরপাড়ে বসেছিল শাহিদ। অভিযোগ, সেই সময় আচমকাই পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় তাকে। ঘটনায় সঙ্গে থাকা দুই বন্ধু আতঙ্কে সেখান থেকে ছুটে পালায় বলে দাবি।
স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শাহিদ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শাহিদের সঙ্গে থাকা দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়।
Barddhaman,West Bengal
