Last Updated:
CM VD Satheesan Oath: কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীশন। তাঁর ২০ সদস্যের মন্ত্রিসভাও এদিন শপথ নেন। এক দশক পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকারের প্রত্যাবর্তন ঘটল।
তিরুঅনন্তপুরম: কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীশন। সোমবার সকালে তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে কংগ্রেস নেতা ভিডি সতীশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হল। আর তার মাধ্যমেই এক দশক পর ২১ সদস্যের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) কেরলে পুনরায় ক্ষমতায় ফিরল। সতীশনের সঙ্গে সম্পূর্ণ মন্ত্রিসভাও এদিন শপথ গ্রহণ করে।
কেরলের বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট বিপুল ভোটে জয় পায়। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের ঊর্ধ্বতন নেতা, জোটের সহযোগী, জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হাজার হাজার ইউডিএফ সমর্থক উপস্থিত ছিলেন। সতীশনের সঙ্গে শপথ নেওয়া ২০ সদস্যের মন্ত্রিসভায় রয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা, কে মুরলীধরন এবং কেপিসিসি প্রধান সানি জোসেফ। এছাড়া রয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-এর নেতা পিকে কুনহালিকুট্টি, পিকে বশির, এন শামসুদ্দিন, কেএম শাজি এবং ভিই আবদুল গফুর।
অন্যান্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন মন্স জোসেফ, শিবু বেবি জন, অনুপ জ্যাকব, সিপি জন, এপি অনিল কুমার, টি সিদ্দিকী, পিসি বিষ্ণুনাথ, রোজি এম জন, বিন্দু কৃষ্ণ, এম লিজু, কেএ তুলসী এবং ওজে জেনিশ। নতুন মুখ্যমন্ত্রী রবিবার সন্ধ্যায় লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের নামের তালিকা তুলে দেন। জোটের অংশীদার এবং কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনার পর ২৪ ঘণ্টার মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
গত পাঁচ বছর ধরে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন সতীশন। বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৬৩ আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে, অন্যদিকে ইউডিএফ জোট ১৪০ সদস্যের বিধানসভায় ১০২ আসন জিতেছে, যার ফলে রাজ্যে সিপিআই(এম)-নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের ১০ বছরের শাসনের অবসান ঘটে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি-সহ বেশ কয়েকজন শীর্ষ কংগ্রেস নেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং অন্যান্য বর্ষীয়ান নেতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Kolkata,West Bengal
May 18, 2026 11:51 AM IST
